কক্সবাজারে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল

কক্সবাজারের পেকুয়ায় মরহুম মাওলানা শহিদ উল্লাহ স্মৃতি সংসদ এবং পেকুয়া সমাজ উন্নয়ন পরিষদের যৌথ উদ্যোগে আজ, ২৭ ডিসেম্বর, বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে অনুষ্ঠিত হচ্ছে ৮ম ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল।

বিশিষ্ট অতিথি ও বক্তারা

মাহফিলে প্রধান মোফাসসির হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট ইসলামী স্কলার ড. মিজানুর রহমান আজহারী, শায়খ মুফতি কাজী ইব্রাহিম, মুফতি আমির হামজা, এবং আল্লামা কামরুল ইসলাম সাঈদ আনসারীসহ খ্যাতিমান আলেমরা। ইতিমধ্যে মাহফিলের ময়দানস্থলে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আয়োজক কমিটি ও প্রশাসন। মিজানুর রহমান আজহারী আজ শুক্রবার (২৭ ডিসেম্বর)  রাত ৮টার দিকে হেলিকপ্টার নিয়ে পেকুয়া আসবেন এবং তিনি রাত ১০টায় আলোচনা করার কথা রয়েছে।
প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত আছেন বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।

নিরাপত্তা ও আইনশৃঙ্খলা

মাহফিলকে ঘিরে র‍্যাব, সেনাবাহিনী, এবং পুলিশের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা বলেন, বৃহত্তর ঐতিহাসিক তাফসির মাহফিল ঘিরে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে চকরিয়া-পেকুয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো.রাকিব-উর রাজা মাহফিলের স্থান পরিদর্শন করেছেন। আমাদের ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।

ajhari_mahfil_coxbazar_2

  • র‍্যাব ১৫: দুটি সশস্ত্র ইউনিট এবং পুলিশের দুইটি মনিটরিং সেল নিয়োজিত রয়েছে।
  • সিসিটিভি ও স্বেচ্ছাসেবক: চারপাশে সিসিটিভি, জেনারেটর লাইট, এবং স্বেচ্ছাসেবকদের দ্বারা তদারকি করা হচ্ছে।
  • পর্যবেক্ষণ: পুলিশ ও সেনাবাহিনী নিয়মিত পরিদর্শন চালিয়ে যাচ্ছে।

বিশেষ ব্যবস্থাপনা

  • সুবিধাসমূহ: ৫ লক্ষাধিক মানুষের বসার ব্যবস্থা, পার্কিং, সুলভ মূল্যে খাবার, এবং নামাজ ও অজুর জন্য বিশেষ আয়োজন।
  • বিজ্ঞাপন: বিভিন্ন মোড়ে দৃষ্টিনন্দন ব্যানার-ফেস্টুন টানানো হয়েছে এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

মাহফিলের প্রস্তুতি

মালয়েশিয়া থেকে মাহফিলের প্রধান মোফাসসির ড. মিজানুর রহমান আজহারী গতকাল ঢাকায় পৌঁছেছেন এবং আজ দুপুর ১২টার মধ্যে পেকুয়ায় উপস্থিত হবেন। বুধবার আইনশৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে আলোচনা শেষে মাহফিলের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ছিলেন জনপ্রিয় ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী। মালয়েশিয়া থেকে দেশে ফিরেছেন তিনি। দেশে ফিরেই ২০২৫ সালের পরিকল্পনা জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন তিনি।

পোস্টে আজহারী লিখেছেন, আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম। দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতি আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে কক্সবাজারের পেকুয়ায় বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।

তিনি আরও লিখেছেন, ‘প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।’