তরুণদের দেশপ্রেম ও যুক্তিনির্ভর চিন্তার চর্চার আহ্বান চসিক মেয়রের
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, দৃষ্টি চট্টগ্রাম শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও যুক্তিবাদী মনোভাব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি বলেন, “সঠিক ও ন্যায়ের পক্ষে দাঁড়াতে হলে যুক্তিবাদী হতে হবে। যৌক্তিক চিন্তার চর্চার মাধ্যমে আমরা একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে পারব।”
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে আয়োজিত ‘আইইউবি দৃষ্টি কুইজ কার্নিভাল ২০২৫’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম সিটির সাধারণ সম্পাদক গোলাম বাকী মাসুদ। তিনি বলেন, “যুক্তিবাদী সমাজ গঠনের জন্য তরুণদের চিন্তাশক্তি ও মেধার বিকাশ ঘটাতে হবে। এ ধরনের কুইজ প্রতিযোগিতা সেই চর্চার একটি মাধ্যম এবং শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক।”
দৃষ্টি চট্টগ্রামের প্রতিষ্ঠাতা মাসুদ বকুল বলেন, “শিক্ষার্থীদের মেধা ও যুক্তিবাদী চেতনা বিকাশে আমরা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখব। সৃজনশীলতা ও যৌক্তিক চিন্তার বিকাশে এমন প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর প্রিয়াংকা দে, দৃষ্টি চট্টগ্রামের সভাপতি সাইফ চৌধুরী, সাবেক সভাপতি বৃজেট ডায়েস, সহ-সভাপতি শহিদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সায়মন শাহাদাত ও দি ইংলিশ একাডেমির পরিচালক সৈয়দ রাকিন মাহমুদ। প্রতিযোগিতায় ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী অংশ নেন।