ভিনফাস্টে বিনিয়োগের সম্ভাবনা খতিয়ে দেখছে কাতারি কোম্পানি

দোহাভিত্তিক জেটিএ ইনভেস্টমেন্ট কাতার ভিয়েতনামের বৈদ্যুতিক যানবাহন নির্মাতা ভিনফাস্টে ১ বিলিয়ন ডলার বিনিয়োগের সম্ভাবনা যাচাই করতে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। প্রতিষ্ঠানটির মূল কোম্পানি ভিনগ্রুপ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

ভিয়েতনামের প্রথম দেশীয় গাড়ি নির্মাতা ভিনফাস্ট বৈশ্বিক ইভি জায়ান্ট টেসলার সঙ্গে প্রতিযোগিতার স্বপ্ন দেখলেও আন্তর্জাতিক বাজারে প্রবেশে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে। ২০২৩ সালের আগস্টে নাসডাকে তালিকাভুক্তির পর প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য ওঠানামার মধ্যে রয়েছে। একসময় এর বাজারমূল্য ফোর্ড ও জেনারেল মোটরসের চেয়েও বেশি হয়ে গেলেও পরবর্তীতে তা উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়।

VinFast delivered 21,800 cars in first half of 2024

ভিনগ্রুপের এক বিবৃতিতে জানানো হয়েছে, এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে জেটিএ ইনভেস্টমেন্ট কাতার ভিনগ্রুপের মূল ব্যবসায়িক খাতগুলোর কৌশলগত বিনিয়োগের সম্ভাবনা মূল্যায়ন করবে। প্রতিষ্ঠানটি ভিনফাস্টে অন্তত ১ বিলিয়ন ডলারের ইকুইটি বিনিয়োগের সম্ভাবনা বিবেচনা করছে, যা কোম্পানির বৈশ্বিক সম্প্রসারণ ও প্রযুক্তিগত উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে।

এছাড়া, কাতারি কোম্পানিটি ভিনগ্রুপের পাঁচতারকা হোটেল, রিসোর্ট ও বিনোদন পার্ক পরিচালনাকারী ভিনপার্লে বিনিয়োগের সুযোগও পর্যালোচনা করছে।

ভিনগ্রুপের প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে জেটিএ ইনভেস্টমেন্ট কাতারের প্রতিষ্ঠাতা আমির আলী সালেমি বলেন,

“এই অংশীদারিত্ব পারস্পরিক লাভজনক ব্যবসায়িক সুযোগ তৈরি করবে এবং ভিনগ্রুপের আন্তর্জাতিক বাজারে কৌশলগত সম্প্রসারণকে সহায়তা করবে।”

বিশ্বব্যাপী ১০০টিরও বেশি শোরুম নিয়ে ভিনফাস্ট এশিয়া, মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজার দখলের প্রচেষ্টা চালাচ্ছে। প্রতিষ্ঠানটি চলতি বছর ইন্দোনেশিয়ার সুবাং ও ভারতের তামিলনাড়ুতে কারখানা চালুর পরিকল্পনা করেছে।

২০২৪ সালে ভিয়েতনামের শীর্ষ ধনী ফাম ন্যাৎ ভুয়ং ভিনফাস্টের সিইও হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি ও ভিনগ্রুপ গত বছর ঘোষণা দেন যে তারা ভিনফাস্টে নতুন করে ৩.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবেন।