“রাজনীতিতে যারা একেবারে এতিম, তারাই চায় পিআর পদ্ধতি”
সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “রাজনীতিতে যারা একেবারে এতিম, তারাই পিআর পদ্ধতি চায়।” বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেলে রাজধানীর মিরপুর-১১ নম্বরের প্যারিস রোড বালুর মাঠে এক বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
রিজভী বলেন,
“বিশ্বের বিভিন্ন দেশে পিআর পদ্ধতি নিয়ে ব্যাপক সমালোচনা রয়েছে। বাংলাদেশের জনগণের এই পদ্ধতি সম্পর্কে কোনো বাস্তব ধারণা নেই। অথচ এই পদ্ধতিকে জোর করে বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়ার চক্রান্ত চলছে।”
তিনি বলেন, “বাংলাদেশে ভোটাররা সরাসরি তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার অভ্যস্ত। তারা জানেন কে তাদের এলাকায় দিনরাত খেটে কাজ করছেন, কে জনগণের পাশে আছেন। কিন্তু পিআর পদ্ধতিতে কোনো ব্যক্তিকে নয়, ভোট যাবে কেবলমাত্র দলকে। আর দল ঠিক করে দেবে কে হবেন আপনার প্রতিনিধি। এটি গণতন্ত্র নয়, এটি রাজনৈতিক দুরভিসন্ধি।”
প্রচলিত নির্বাচন ব্যবস্থাকে পরিবর্তনের মাধ্যমে একটি অজানা কাঠামো চাপিয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা হচ্ছে বলেও মন্তব্য করেন রিজভী। তিনি আরও বলেন, “শেখ হাসিনা একতরফা নির্বাচন করে মজা পেয়েছেন। এখন অনেকে কথিত সংস্কারের কথা বলে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। কিন্তু বিল্ডিং যদি না থাকে তাহলে সংস্কার করবেন কীসের? একটি নির্বাচিত পার্লামেন্ট ছাড়া কোনো প্রকৃত সংস্কার সম্ভব নয়।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।
আমিনুল হক তার বক্তব্যে নেতাকর্মীদের ধন্যবাদ জানান এবং নগরের সর্বত্র নিম গাছ লাগানোর ঘোষণা দেন। সেই সঙ্গে তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আওয়ামী লীগের মতো আচরণ নয়, জনগণের সঙ্গে সম্পৃক্ত থেকে পাশে দাঁড়ান। জনগণের ভরসা অর্জনই বিএনপির মূল শক্তি।”
বৃক্ষরোপণ কর্মসূচিতে বিএনপির অন্যান্য নেতাকর্মী এবং স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। তারা বলেন, শহরের পরিবেশ রক্ষায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকলে রাজনৈতিক কর্মসূচি আরও ফলপ্রসূ হবে।