হরমুজ প্রণালীতে ইরানের হামলা, এশিয়ার বাজারে তেলের দাম তুঙ্গে

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র আকার ধারণ করায় এশিয়ার বাজারে হু-হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দাম। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের রাডার ও আকাশ প্রতিরক্ষা স্থাপনায় ইরানের সরাসরি হামলা এবং কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাংকার অবরুদ্ধ করার ঘটনার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দামে এই ঊর্ধ্বগতি দেখা যায়। খবর বার্তা সংস্থা এএফপি’র।

আজ বুধবার গ্রিনিচ মান সময় ০১:৩০ টা পর্যন্ত লেনদেনে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড তেলের দাম ১.২ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৯২.০৯ ডলারে পৌঁছেছে, যা গত ১১ জুনের পর থেকে সর্বোচ্চ। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রধান তেলের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১.১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫.২৩ ডলারে গিয়ে ঠেকেছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধ পুনরায় জোরদার হওয়ার পর মঙ্গলবার মধ্যপ্রাচ্যে নিজ হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইরান। তেহরান দাবি করেছে, হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করার সময় দিকনির্দেশনা অমান্য করায় তারা দুটি তেলবাহী ট্যাংকারে হামলা চালিয়ে সেগুলোর চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মূল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেহরান পশ্চিমাদের ওপর কৌশলগত ও অর্থনৈতিক চাপ সৃষ্টির অংশ হিসেবে হরমুজ প্রণালী অবরুদ্ধ করার চেষ্টা চালিয়ে আসছে। উল্লেখ্য, এই যুদ্ধ শুরু হওয়ার আগে পর্যন্ত সমগ্র বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশই পরিবাহিত হতো অতি গুরুতপূর্ণ এই প্রণালীটি দিয়ে। ফলে দীর্ঘদিনের অবরুদ্ধ পরিস্থিতি এবং নতুন করে হামলা তেলের বাজারকে আরও অস্থির করে তুলছে।