ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে চসিকের বিশেষ ক্রাশ প্রোগ্রাম

চট্টগ্রাম নগরীতে ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত রোগের বিস্তার রোধে ৭ ও ২ নম্বর ওয়ার্ডে বিশেষ মশক নিধন ও জনসচেতনতামূলক ক্রাশ প্রোগ্রাম পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।

আজ বুধবার (০৯ সেপ্টেম্বর ২০২৬) পরিচালিত এ কর্মসূচির আওতায় ওয়ার্ড দুটির বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত করে তা ধ্বংস করা হয়। একই সাথে নালা-নর্দমা, ডোবা, বদ্ধ জলাশয়, নির্মাণাধীন ভবন ও বসতবাড়ির পরিত্যক্ত জায়গায় জমা পানিতে মশার লার্ভা ধ্বংসকারী ওষুধ (লার্ভিসাইড) স্প্রে করা হয়। অভিযান পরিচালনাকালে চসিকের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দাদের নিজ নিজ আঙিনা, ছাদ ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য সচেতনতামূলক আহ্বান জানানো হয়।

বিশেষ এই ক্রাশ প্রোগ্রামে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, মশক ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মকর্তা শরফুল ইসলাম মাহি, পরিচ্ছন্ন কর্মকর্তা আবু তাহেরসহ চসিকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

কর্মসূচি শেষে চসিক কর্মকর্তারা জানান, নগরীতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে মশার বংশবৃদ্ধি রোধে এ ধরনের বিশেষ ক্রাশ প্রোগ্রাম ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে। শুধুমাত্র ওষুধ ছিটানোর ওপর নির্ভর না করে মশার উৎসমুখ ধ্বংস এবং নাগরিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।