নিম্নস্তরের সিগারেটের দাম বাড়িয়ে ৬৫ টাকা করলো এনবিআর
দেশে নিম্নস্তরের বা কমদামি সিগারেটের সর্বোচ্চ খুচরা মূল্য আবারও বৃদ্ধি করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, নিম্নস্তরের প্রতি ১০ শলাকা সিগারেটের দাম ৬২ টাকা থেকে বাড়িয়ে ৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
গতকাল বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই মূল্যবৃদ্ধির আদেশ জারি করা হয়, যা আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশ্যে আসে।
এনবিআরের প্রজ্ঞাপন অনুযায়ী, কেবল নিম্নস্তরের সিগারেটের দাম প্রতি প্যাকেটে ৩ টাকা বাড়ানো হয়েছে; তবে অন্যান্য স্তরের দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে বাজারে প্রচলিত অন্যান্য স্তরের নতুন মূল্যসূচি:
-
মধ্যম স্তর: ১০ শলাকার দাম ৯২ টাকা।
-
উচ্চ স্তর: ১০ শলাকার দাম ১৬০ টাকা।
-
প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তর: ১০ শলাকার দাম ২১০ টাকা ও তদূর্ধ্ব।
উল্লেখ্য, সম্প্রতি অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে নিম্নস্তরের সিগারেটের দাম বাড়নোর প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এর আগে ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেটে নিম্নস্তরের প্রতি ১০ শলাকার প্যাকেটের দাম ৬০ টাকা থেকে বাড়িয়ে ৬২ টাকা করা হয়েছিল। নতুন এই প্রজ্ঞাপনের মাধ্যমে উক্ত স্তরে আরও ৩ টাকা যুক্ত হয়ে প্রতি প্যাকেটের দাম ৬৫ টাকায় পৌঁছাল।