চট্টগ্রামে পারাবারের সাংস্কৃতিক আয়োজন ‘দ্রোহের মিনার’ অনুষ্ঠিত
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের স্মরণে চট্টগ্রামের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন পারাবার সাহিত্য সংস্কৃতি সংসদের উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন ‘দ্রোহের মিনার’ (সিজন-২)।
গতকাল রবিবার (২০ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় চট্টগ্রাম নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই আবেগঘন ও উদ্দীপনামূলক অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পারাবারের পরিচালক ইরফান মাহমুদের সঞ্চালনায় জুলাই আন্দোলনের অন্যতম বীর শহীদ ফয়সাল আহমেদ শান্ত-এর রত্নগর্ভা মা উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)-এর চেয়ারম্যান নূরুল ইসলাম।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সসাস-এর সাবেক নির্বাহী পরিচালক এইচ এম আবু মুসা, বর্তমান নির্বাহী পরিচালক জাকির হোসাইন, উপদেষ্টা শামীম উদ্দিন, পারাবারের চেয়ারম্যান মাইমুনুল ইসলাম মামুন, পানজেরী শিল্পীগোষ্ঠীর চেয়ারম্যান মোমিনুল হকসহ পারাবার সাহিত্য সংস্কৃতি সংসদের সাবেক পরিচালক ও চেয়ারম্যানবৃন্দ।
আয়োজনে পারাবারের শিল্পীরা হামদ, নাত, ঐতিহ্যবাহী গীতিকাব্য, কৌতুকাভিনয়, কালজয়ী দেশাত্মবোধক গান এবং কাওয়ালী পরিবেশন করেন। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল দেশের সমসাময়িক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্মিত একটি চমৎকার রম্য নাটিকা। শাহরিয়ার অনির্বাণের রচনায় নাটিকাটির সফল নির্দেশনায় ছিলেন হোসনে মুরাদ তারিফ।
বিপুল সংখ্যক দর্শক, সংস্কৃতিপ্রেমী ও আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে সমগ্র ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন এক প্রাণবন্ত এবং দ্রোহ ও দেশপ্রেমের অনন্য চেতনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।