নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৩৭ পরিবারকে বিআরটিএ’র ১ কোটি ২৩ লাখ টাকার আর্থিক সহায়তা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো নিহতদের পরিবার এবং গুরুতরাহতদের পুনর্বাসনের লক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের তহবিল থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। নোয়াখালী জেলার চার উপজেলার ৩৭টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১ কোটি ২৩ লাখ টাকার অনুদানের চেক তুলে দেওয়া হয়।

সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ৩টায় নোয়াখালী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও বিআরটিএ নোয়াখালী সার্কেলের যৌথ উদ্যোগে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসলিমুন নেছার সভাপতিত্বে এবং বিআরটিএ নোয়াখালীর সহকারী পরিচালক মাহবুব রাব্বানীর সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বিআরটিএ ট্রাস্টি বোর্ড কর্তৃক অনুমোদিত এ সহায়তার আওতায় জেলার চার উপজেলার সড়ক দুর্ঘটনায় নিহত ১৬টি পরিবারের স্বজনদের হাতে এবং চিকিৎসাধীন ও আহত ২১টি পরিবারের মাঝে আনুষ্ঠানিকভাবে ১ কোটি ২৩ লাখ টাকার অনুদানের চেক তুলে দেন অতিথিরা।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “সড়ক দুর্ঘটনায় প্রিয়জন হারানোর ক্ষতি কিংবা শারীরিক পঙ্গুত্ব কখনো অর্থ দিয়ে পূরণ করা সম্ভব নয়। তবে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের এই আর্থিক সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর অনিশ্চিত ভবিষ্যৎ পুনর্গঠন ও চিকিৎসাসেবায় কিছুটা হলেও স্বস্তি এনে দেবে।” এ সময় বিআরটিএ কর্মকর্তা ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।