পতেঙ্গায় মিয়ানমারে পাচারকালে ৮০৩ বস্তা সিমেন্টসহ কার্গো বোট জব্দ
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদী হয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও পাচারকাজে নিয়োজিত একটি কার্গো বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার (৫ অক্টোবর ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টায় পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১২ নম্বর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।
তিনি জানান, গভীর রাতে সন্দেহভাজন একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা ৪০ হাজার কেজি (৮০০ বস্তা) সিমেন্ট উদ্ধার করা হয়। একই সাথে চোরাচালানে ব্যবহৃত কার্গো বোটটিকে আটক করা হয়। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালান চক্রের সদস্যরা অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায়।
মিডিয়া কর্মকর্তা আরও জানান, জব্দকৃত সিমেন্ট ও আটক করা বোটটির বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের চোরাচালান, পাচার ও অবৈধ কার্যক্রম রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।