বাংলাদেশের সর্বকনিষ্ঠ ‘ফিদে স্কুল ইনস্ট্রাক্টর’ হওয়ার অনন্য গৌরব অর্জন করলেন চবি শিক্ষার্থী তানজিলা তুর নূর

দেশের দাবা অঙ্গনে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর)-এর এম.এড-এর শিক্ষার্থী তানজিলা তুর নূর। অত্যন্ত অল্প সময়ে আরবিটিং ও ইনস্ট্রাকশনে ধারাবাহিক সাফল্য দেখিয়ে তিনি অর্জন করেছেন দেশের সর্বকনিষ্ঠ ‘ফিদে স্কুল ইনস্ট্রাক্টর’ (FIDE School Instructor)-এর স্বীকৃতি এবং সম্মানজনক ‘ফিদে আরবিটার সেমিনার নর্ম’ (FIDE Arbiter Seminar Norm)।

তানজিলা তুর নূরের এই যাত্রার সূচনা হয়েছিল আগস্ট ২০২৫-এ অনুষ্ঠিত ‘2nd CUCC International Open Rapid Rating Chess Tournament 2025’-এ অ্যাসিস্ট্যান্ট আরবিটার হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে। সেখানে কাজের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ দিয়ে একই বছরের ২৯ ডিসেম্বর তিনি বিশ্ব দাবা সংস্থা (FIDE) থেকে ‘ন্যাশনাল আরবিটার’ হিসেবে লাইসেন্সপ্রাপ্ত হন।

এরই ধারাবাহিকতায় গত ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এ ফিদে এডুকেশন কমিশন কর্তৃক আয়োজিত ৩৪তম ‘প্রিপারেশন অব টিচার্স’ (Preparation of Teachers) কোর্স সফলভাবে সম্পন্ন ও পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি বাংলাদেশের সর্বকনিষ্ঠ ‘ফিদে স্কুল ইনস্ট্রাক্টর’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পান।

সাফল্যের এই ধারা বজায় রেখে তানজিলা গত ২ থেকে ৫ অক্টোবর ২০২৬ চেস সাউথ আফ্রিকা কর্তৃক আয়োজিত এবং ফিদের অধীনে অনুষ্ঠিত ৩৪০তম ‘ইন্টারনেট-বেসড ফিদে আরবিটার সেমিনারে’ (The 240th Internet-Based FIDE Arbiters’ Seminar) অংশ নেন এবং কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হয়ে অর্জন করেন গৌরবময় ‘ফিদে আরবিটার সেমিনার নর্ম’।

কাজের দিক থেকে তানজিলা তুর নূর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার দাবা কমিটির সাবেক সদস্য, চট্টগ্রাম জেলা দাবা খেলোয়াড় সমিতির প্রচার সম্পাদক এবং চট্টগ্রামের বিভিন্ন একাডেমি ও শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এই অসাধারণ কৃতিত্ব ও আন্তর্জাতিক অর্জনের জন্য তানজিলা তুর নূরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম ও হালিশহরের বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠন। দক্ষিণ হালিশহর চেস ক্লাব, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি, লাকী ক্লাব হালিশহর এবং গোসাইলডাঙা যুবক গোষ্ঠী দাবা কমিটির নেতৃবৃন্দ এক যৌথ অভিনন্দন বার্তা জানান।

বিশেষ করে দক্ষিণ হালিশহর চেস ক্লাবের সভাপতি নূরুল কবির মুসা, দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমির পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক-সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা এবং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি শিক্ষক মো. আব্দুল হামিদ অভিনন্দন জানিয়ে বলেন, তানজিলা তুর নূরের এই অর্জন পুরো চট্টগ্রাম তথা বাংলাদেশের দাবা অঙ্গনের জন্য এক বিরাট বড় গর্বের বিষয়। তাঁর মাধ্যমে দেশের নারী সমাজ ও উদীয়মান দাবাড়ুরা অনুপ্রেরণা পাবে।