রেইনবো নেশন গড়ার বার্তা নিয়ে চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী
‘রেইনবো নেশন’ বা বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামে আসছেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে চট্টগ্রামের ঐতিহ্যবাহী জেএম সেন হলে প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সার্বিক প্রস্তুতি ও পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি। পরিদর্শনের পাশাপাশি মেয়র চসিকের পক্ষ থেকে ৫০০ জন সনাতনী নারীর হাতে শারদীয় পূজার উপহারসামগ্রী তুলে দেন।
পরিদর্শনকালে মেয়র বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান এমন একটি বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেছেন, যেখানে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে সব মানুষ সমান মর্যাদা ও অধিকার নিয়ে বসবাস করবে। রেইনবো নেশনের এই ধারণা বাস্তবায়নের মাধ্যমে সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী চট্টগ্রামে আসছেন।”
পূজামণ্ডপে চসিকের অনুদান ৩৬ লাখ ৭০ হাজার টাকা
দুর্গাপূজায় নিরাপত্তা, শৃঙ্খলা ও পরিচ্ছন্নতা নিশ্চিতকরণে গৃহীত পদক্ষেপের কথা জানিয়ে মেয়র বলেন, নগরীর ১৬টি থানার ২৯৪টি পূজামণ্ডপকে মোট ১৪ লাখ ৭০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এছাড়া জে এম সেন হল পূজামণ্ডপে ৫ লাখ টাকা, চসিক পূজা উদযাপন পরিষদের কুসুমকুমারী মণ্ডপে ১৫ লাখ টাকা এবং চসিকের চারটি সেবক কলোনির হরিজন সম্প্রদায়ের জন্য ২ লাখ টাকাসহ সর্বমোট ৩৬ লাখ ৭০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।
তিনি আরও জানান, আন্দরকিল্লা ও দেওয়ান বাজারসহ সব মণ্ডপের আশেপাশের শৃঙ্খলা রক্ষায় চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট ও পরিচ্ছন্নতা কর্মীরা সার্বক্ষণিক মাঠে কাজ করছেন।
‘ধর্ম যার যার, নগরী সবার’
মেয়র ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেন, “চট্টগ্রাম একটি সাম্প্রদায়িক সম্প্রীতির নগরী। আমরা একটি ‘রেইনবো সিটি’ গড়তে চাই, যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদে ধর্ম পালন ও বসবাস করতে পারবেন।”
অনুষ্ঠানে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “সবাইকে সঙ্গে নিয়ে দেশ গড়ার যে লক্ষ্য প্রধানমন্ত্রী নির্ধারণ করেছেন, তা বাস্তবায়নের অংশ হিসেবে তাঁর চট্টগ্রাম আগমন আমাদের জন্য আনন্দের। এ সফর সফল করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।”
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ, মহানগর বিএনপির সদস্য আনোয়ার হোসেন লিপু, চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী, গিয়াস উদ্দিন ভূঁইয়া, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, মহানগর পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বিপ্লব সেন, কল্যাণ ফ্রন্টের যুগ্ম সম্পাদক বাবু দত্ত, কারা পরিদর্শক উজ্জ্বল বরণ বিশ্বাস এবং মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সহ-সভাপতি সৌরভ প্রিয় পাল ও প্রশান্ত কুমার পান্ডে প্রমুখ।