বিদেশি ঋণ পরিশোধের ব্যয় বেড়ে হয়েছে ১৩৫ কোটি ডলার
চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বিদেশি ঋণের আসল ও সুদ পরিশোধে বাংলাদেশের ব্যয় ৫.৬ শতাংশ বেড়ে ১৩৫ কোটি ১২ লাখ ৩০ হাজার মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) তথ্য অনুযায়ী, আলোচ্য তিন মাসে আসল হিসেবে ৮৫ কোটি ৮৯ লাখ ২০ হাজার ডলার এবং সুদ হিসেবে ৪৯ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলার পরিশোধ করা হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ে ছিল যথাক্রমে ৮১ কোটি ৬৯ লাখ ৯৯ হাজার ডলার এবং ৪৬ কোটি ২৯ লাখ ৬০ হাজার ডলার।
অন্যদিকে, এ সময়ে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে প্রকৃত বিদেশি সহায়তা ছাড় কমে দাঁড়িয়েছে ৬৬ কোটি ২৩ লাখ ১০ হাজার ডলারে (ঋণ ৫৪ কোটি ১৭ লাখ ৪০ হাজার ডলার ও অনুদান ১২ কোটি ৫ লাখ ৭০ হাজার ডলার), যা আগের অর্থবছরের একই সময়ে ছিল ১১৪ কোটি ৮০ লাখ ডলার।
তবে স্বস্তির খবর হচ্ছে, বিদেশি সহায়তার প্রতিশ্রুতি উল্লেখযোগ্য হারে বেড়েছে; আলোচ্য প্রান্তিকে উন্নয়ন সহযোগীরা ১২৭ কোটি ৩০ লাখ ডলারের (ঋণ ১১৪ কোটি ৮০ লাখ ডলার ও অনুদান ১২ কোটি ৫৪ লাখ ৫০ হাজার ডলার) প্রতিশ্রুতি দিয়েছে, যা আগের বছরের চেয়ে প্রায় ৪০ শতাংশ বেশি।