প্লাস্টিক জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় ফ্রি এন্ট্রি

শিক্ষার্থীদের সংগৃহীত প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহারের জন্য হস্তান্তর কার্যক্রমের পাশাপাশি চট্টগ্রাম চিড়িয়াখানা ও সংলগ্ন পাহাড়ি ছড়ায় ব্যাপক পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশক নিধন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৩১ অক্টোবর) এক বর্ণাঢ্য জনসচেতনতামূলক র‍্যালির মাধ্যমে চট্টগ্রাম জেলা প্রশাসন আয়োজিত এই ব্যতিক্রমী কর্মসূচির সূচনা হয়। চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্ট এন্টারপ্রাইজ এ আয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন এবং বিশেষ উদ্যোগের মূল পরিকল্পনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জানান, শিশু-কিশোরদের মধ্যে পরিবেশ সুরক্ষার দায়বদ্ধতা তৈরি করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীরা মাত্র ১০০ গ্রাম প্লাস্টিক বর্জ্য জমা দিয়েই চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশ করতে পারছে, যার সাধারণ টিকিটের মূল্য ৭০ টাকা। সংগৃহীত এসব প্লাস্টিক পুনর্ব্যবহারের (রিসাইক্লিং) জন্য ইপসা ওয়েস্ট ম্যানেজমেন্টের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পাদিত হয়েছে। ডিসি আরও জানান, চিড়িয়াখানায় নতুন করে জেব্রা ও কুমির আনার উদ্যোগ নেওয়া হয়েছে এবং শিশুদের মুঠোফোনের দুনিয়া ছেড়ে প্রকৃতি ও প্রাণিজগতের কাছে আসার আহ্বান জানান তিনি।

জেলা প্রশাসন পরিচালিত পূর্ববর্তী পরিচ্ছন্নতা অভিযানের চিত্র তুলে ধরে ডিসি বলেন, গত ২৫ জুলাইয়ের অভিযানে তিন হাজারের বেশি সরকারি প্রতিষ্ঠানের প্রায় ১ কোটি বর্গফুট এলাকা থেকে ১৩৫ টন বর্জ্য অপসারণ করা হয়। পরবর্তীতে কাজীবাড়ি পুকুর, পতেঙ্গা সমুদ্র সৈকত, জিয়া স্মৃতি কমপ্লেক্স, জেলার ২ হাজার মসজিদ এবং ১০০টিরও বেশি রেস্তোরাঁয় বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, একক কোনো সংস্থার পক্ষে পুরো নগর পরিচ্ছন্ন রাখা সম্ভব নয়। চট্টগ্রামকে পরিচ্ছন্ন রাখতে জেলা প্রশাসন, সিটি করপোরেশন ও নাগরিকদের একযোগে কাজ করতে হবে। তিনি ফয়’স লেক সংলগ্ন চিড়িয়াখানা, পাহাড়ি ছড়া ও জলাধার দূষণমুক্ত রাখার তাগিদ দেন এবং ফুটপাত ও সড়ক মুক্ত রাখতে চসিক ও জেলা প্রশাসনের যৌথ অভিযানের আহ্বান জানান।

ডেঙ্গু প্রতিরোধে বাড়ির ছাদ, আঙিনা ও পাত্রে পানি জমতে না দেওয়ার অনুরোধ জানিয়ে চসিক প্রশাসক ঘোষণা দেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিক করতে জাপান থেকে ২০টি নতুন কমপ্যাক্টর ডাম্প ট্রাক সিটি করপোরেশনের বহরে যুক্ত করা হবে।

অনুষ্ঠানে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, ইপসা কর্মকর্তা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে চসিক প্রশাসক ও জেলা প্রশাসক অন্যান্য অতিথিদের সাথে নিয়ে চিড়িয়াখানা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং পাহাড়ি ছড়ায় মশক নিধন স্প্রে ছিটিয়ে পরিচ্ছন্নতা কার্যক্রম তদারকি করেন।