নগরীতে ৩৮টি ফুটওভারব্রিজ ও ২৮ পয়েন্টে এআই ট্রাফিক সিস্টেম চালুর উদ্যোগ চসিকের
চট্টগ্রাম নগরীতে পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৩৮টি ফুটওভারব্রিজ নির্মাণের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক), যার মধ্যে ২১টির নির্মাণকাজ বর্তমানে চলমান রয়েছে। সোমবার (২ নভেম্বর) ‘নিরাপদ সড়ক চাই’ চট্টগ্রাম মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে চসিক প্রশাসক বলেন, নগরবাসীকে দ্রুত ও নিরাপদে সড়ক পারাপারের সুবিধা দিতে ২১টি ওভারব্রিজের কাজ জোরকদমে চলছে। এছাড়া যানজট নিরসন ও আধুনিক সড়ক ব্যবস্থাপনার অংশ হিসেবে নগরের গুরুত্বপূর্ণ ২৮টি পয়েন্টে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ট্রাফিক ব্যবস্থা চালু করা হবে, যার মধ্যে আগামী এক মাসের মধ্যেই ২টি স্থানে এ ব্যবস্থা পরীক্ষামূলকভাবে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে রেলক্রসিং এলাকায় দুর্ঘটনা ও যানজট কমাতে ওভারপাস নির্মাণের পরিকল্পনাও চসিকের রয়েছে।
শিক্ষার্থীদের উদ্দেশ্য করে ডা. শাহাদাত হোসেন বলেন, সামান্য সতর্কতা ও সচেতনতা অনেক অমূল্য জীবন বাঁচাতে পারে। ২০২৪ সালের জুলাই-আগস্টে শিক্ষার্থীরা যে সাহস ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে রাজপথে অন্যায়ের প্রতিবাদ করেছিল, তা বজায় রাখতে হবে। ইভটিজিং, কিশোর গ্যাং ও চাঁদাবাজির মতো সমাজবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনসম্মতভাবে সোচ্চার হতে এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
পাশাপাশি চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা চেয়েছেন চসিক প্রশাসক। বিশেষ করে যত্রতত্র ডাবের খোসা কিংবা ময়লা-আবর্জনা না ফেলে ডেঙ্গু প্রতিরোধ ও সড়ক দুর্ঘটনা এড়াতে নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলার জন্য সব নাগরিকের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের চেয়ারম্যান আজিম আলী। এ সময় চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা, কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিদুয়ানুল ইসলাম, কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুর মোহাম্মদ, শিক্ষাপ্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ মাহফুজুল রহমান এবং নিরাপদ সড়ক চাই চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ সাজীব উপস্থিত ছিলেন।