বিকৃত নারীবাদ নয়, নিজস্ব সত্তাকে আঁকড়ে ধরাই প্রকৃত নারী স্বাধীনতা
বর্তমান যুগে ‘ফেমিনিজম’ বা ‘নারী অধিকার’ ধারণাটি অনেক ক্ষেত্রে বিভ্রান্তিকর ও বিকৃত রূপ ধারণ করেছে। সমাজ বা পুরুষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ, চিরাচরিত পারিবারিক কাঠামোকে অস্বীকার করা কিংবা পশ্চিমা সংস্কৃতির অন্ধ অনুকরণকেই অনেকে ভুলবশত আধুনিকতা ও নারী স্বাধীনতা বলে ধরে নিচ্ছেন। ধূমপান করা, বেহিসাবি জীবনযাপন কিংবা পরিবারকে দূরে ঠেলে দেওয়া কখনোই নারীর প্রকৃত মুক্তির পথ হতে পারে না; বরং এটি এক ধরণের মানসিক দাসত্ব।
প্রকৃতপক্ষে, মহান সৃষ্টিকর্তা নারী ও পুরুষ উভয়কেই অত্যন্ত সুনির্দিষ্ট সামঞ্জস্য ও প্রজ্ঞা দিয়ে সৃষ্টি করেছেন। নারীর স্বাতন্ত্র্য লুকিয়ে আছে তার অপরিসীম কোমলতা, ধৈর্য, ঘরকে সুন্দর রাখার সক্ষমতা এবং একইসঙ্গে তার অদম্য মেধা ও লড়াকু মানসিকতার মধ্যে। সুতরাং, প্রকৃত ফেমিনিজম কখনোই পুরুষকে প্রতিপক্ষ বানানো বা নিজের মৌলিক নারীসত্তাকে মুছে ফেলা শেখায় না।
সত্যিকারের নারী ক্ষমতায়ন হলো শালীনতা, সংস্কৃতির মূল্যবোধ এবং আত্মসম্মান অক্ষুণ্ণ রেখে নিজের পায়ে শক্তভাবে দাঁড়িয়ে যাওয়া। একজন নারী একই সাথে মমতাময়ী মা কিংবা সংসারের দায়িত্বশীল চালিকাশক্তি হয়েও নিজের মেধা দিয়ে একজন সফল উদ্যোক্তা, আইটি প্রফেশনাল, ফ্রিল্যান্সার বা নীতি-নির্ধারক হয়ে উঠতে পারেন।
নিজের মেধা ও যোগ্যতায় সফলতা অর্জন করে সমাজের অন্য দশটি অসহায় নারীর অনুপ্রেরণা হয়ে ওঠাই হলো নারী শক্তির আসল জয়। ধ্বংসাত্মক স্লোগান বা অনৈতিক অনুশীলনে নয়, বরং আত্মউন্নয়ন, ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঠিক চর্চার মাধ্যমেই যুগে যুগে নারীরা নিজেদের প্রকৃত অবস্থান ও মর্যাদা তৈরি করে নেবে—এটাই আজকের আধুনিক সময়ের মূল তাগিদ।
লেখিকা: মেহবিশ আফরিন (চাকুরীজীবী)