মীর নাছির উদ্দীনের রোগমুক্তি কামনায় লোকনাথ মন্দিরে প্রার্থনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভাইস চেয়ারম্যান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র, সাবেক রাষ্ট্রদূত ও সাবেক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দীনের দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় নগরীর পুরাতন কালুরঘাটস্থ মোহরা শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (৬ নভেম্বর, ২০২৬) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এ প্রার্থনা সভার আয়োজন করা হয়।

প্রার্থনা সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব, মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সভাপতি বাপ্পী দে, শ্রীশ্রী অভয়মিত্র মহাশ্মশান পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক ও মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল, কোতোয়ালি থানা বিএনপি নেতা প্রশান্ত পাণ্ডে, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের কার্যকরী সম্পাদক রয়েল কুমার পাল এবং উত্তর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক জয় ভৌমিক।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দিরের সেবায়েত শিখা রাণী দাস, অর্থ সম্পাদক রুম্পা দাশ, লোকনাথ ব্রহ্মচারী গীতা শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা অর্পিতা দাশসহ প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

প্রার্থনা সভায় ভক্ত ও বক্তারা ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের পিতা মীর মোহাম্মদ নাছির উদ্দীনের দ্রুত রোগমুক্তি, সুস্বাস্থ্য ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য বিশেষ প্রার্থনা করেন।

সমাবেশে বক্তারা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ভিশনকে ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ানো এবং সকলের মঙ্গল কামনা করাই আমাদের প্রকৃত মানবিকতা ও ধর্মীয় সম্প্রীতির শিক্ষা।”