মিরসরাইয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রামের মিরসরাইয়ে শোভাযাত্রা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই নভেম্বর) সকালে উপজেলা পরিষদ এলাকা থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরবর্তীতে দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তানভীরুল কাদের, মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন এবং উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী। এছাড়া উপজেলার বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ঐতিহাসিক ৭ই নভেম্বরের চেতনা ও তাৎপর্য তুলে ধরে বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষায় সকল বিভেদ ও মতপার্থক্য ভুলে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পারস্পরিক প্রতিযোগিতা নয়, বরং শ্রদ্ধা, পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির মধ্য দিয়েই এলাকা তথা দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

অনুষ্ঠানের শেষ পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরবর্তীতে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উদযাপনের সমাপ্তি ঘটে।