পাঁচলাইশ থানায় জিডি করতে গিয়ে ভোগান্তি

থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে গিয়ে সাধারণ মানুষের নানা হয়রানি ও ভোগান্তির অভিযোগ নতুন নয়। অনলাইনে পুলিশের নিজস্ব ওয়েবসাইট কিংবা মোবাইল অ্যাপসের মাধ্যমে জিডির আবেদন করার সুযোগ থাকলেও চূড়ান্ত অনুমোদনের ও স্বাক্ষরের জন্য ভুক্তভোগীকে সংশ্লিষ্ট থানায় যেতেই হয়। আর এই সাধারণ সেবাটি পেতেই পদে পদে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে নাগরিকদের।

​এমনই এক বাস্তব ও তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন ‘খবর ২৪ ঘণ্টা’-র প্রতিবেদক দাঊদ আরমান।

​ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর, ২০২৬)। চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকা থেকে আমাদের প্রতিবেদক দাঊদ আরমানের একটি মুঠোফোন হারিয়ে যায়। একজন আইনের প্রতি শ্রদ্ধাশীল নাগরিক হিসেবে তিনি নিয়ম অনুযায়ী হারানো ফোনের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করতে পাঁচলাইশ থানায় যান।

​থানায় যাওয়ার পর দায়িত্বরত ডিউটি অফিসার সিমু আক্তার প্রতিবেদককে জানান, থানা থেকে বের হয়ে রাস্তার ওপারে থাকা ‘কম্পিউটার দোকান’ থেকে জিডি লিখে বা অনলাইনে আবেদন করিয়ে নিয়ে আসতে।

​এ সময় প্রতিবেদক বিষয়টি জানতে চেয়ে বলেন, জিডি তো কোনো ব্যক্তিমালিকানাধীন দোকান থেকে নয়, সংশ্লিষ্ট থানা থেকেই করার কথা। জবাবে ওই পুলিশ কর্মকর্তা মন্তব্য করেন, এটি পুলিশের কাজ নয়; মানুষকে দয়া করে মাঝে মাঝে থানা থেকে এই সাপোর্টটা দেওয়া হয়!

​ডিউটি অফিসারের এমন উত্তরে বিস্মিত হয়ে প্রতিবেদক জানতে চান, তিনি এই মুহূর্তে ব্যস্ত থাকলে এক ঘণ্টা পর এসে জিডিটি করাতে পারবেন কি না। উত্তরে কর্মকর্তা সিমু আক্তার বিরক্তি প্রকাশ করে বলেন, জিডি ভুক্তভোগীকে নিজ দায়িত্বে করে আনতে হয়, এটি করা পুলিশের কাজ নয়—এবং একই কথা কয়বার বলতে হবে বলেও প্রশ্ন তোলেন তিনি।

​কিংকর্তব্যবিমূঢ় হয়ে প্রতিবেদক থানা থেকে বেরিয়ে রাস্তার ওপারে গিয়ে সত্যিই বেশ কিছু কম্পিউটার দোকান দেখতে পান, যেখানে রীতিমতো পেশাদারিত্বের সাথে টাকার বিনিময়ে জিডির আবেদন তৈরি করে দেওয়া হচ্ছে।

​পরবর্তীতে প্রতিবেদক চকবাজার এলাকার এমনই একটি কম্পিউটার দোকান থেকে নির্ধারিত ফি দিয়ে জিডির আবেদন সম্পন্ন করান এবং পুনরায় পাঁচলাইশ থানায় গিয়ে ওই ডিউটি অফিসারের স্বাক্ষর নিয়ে জিডির প্রক্রিয়া শেষ করেন (জিডি ট্র্যাকিং নং: 9DYKCX, জিডি নং: ১৫২৯)।

বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী (পুলিশ আইন, ১৮৬১-এর ৪৪ ধারা এবং ফৌজদারি কার্যবিধির ১৫৪ ও ১৫৫ ধারা অনুযায়ী), যেকোনো নাগরিক থানায় গিয়ে মৌখিক বা লিখিতভাবে তথ্য প্রদান করলে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা (ডিউটি অফিসার) তা নির্ধারিত রেজিস্টারে লিপিবদ্ধ করতে বাধ্য। কোনো ভুক্তভোগী লিখিত আবেদন আনতে না পারলে ডিউটি অফিসার নিজেই তার বক্তব্য শুনে জিডি নথিভুক্ত করবেন এবং বিনামূল্যে ভুক্তভোগীকে একটি কপি সরবরাহ করবেন। অনলাইন জিডি ব্যবস্থা চালুর মূল উদ্দেশ্য ছিল নাগরিকদের ভোগান্তি কমানো, কিন্তু কোনোভাবেই থানায় সরাসরি জিডি করার নাগরিক অধিকার খর্ব করা বা বাইরের দোকান থেকে টাকা দিয়ে আবেদন করিয়ে আনার বাধ্যবাধকতা তৈরি করা নয়।

​ভুক্তভোগী নাগরিক ও সচেতন মহলের প্রশ্ন—জনগণের জানমালের নিরাপত্তা ও আইনি সহায়তার প্রাথমিক ধাপ হিসেবে সাধারণ ডায়েরি (জিডি) নথিভুক্ত করা কবে থেকে পুলিশের দায়িত্বের বাইরে চলে গেল? নাকি থানায় আসা সাধারণ মানুষকে সেবাদানের পরিবর্তে বাইরের কম্পিউটার দোকানে পাঠানোর কোনো অলিখিত নিয়ম চালু হয়েছে—তা নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।