চট্টগ্রামে ৫ হাজার জাল ভিসাসহ প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
চট্টগ্রাম নগরীতে জাল ভিসা তৈরি ও প্রতারণার অভিযোগে একটি চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার হেফাজত থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ৫ হাজার জাল ভিসা এবং জাল ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
আজ রবিবার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে নগরীর কোতোয়ালি থানার টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকার বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলায় অভিযান চালিয়ে চক্রের মূলহোতা আব্দুল মাবুদকে (৫৩) গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আব্দুল মাবুদ নগরীর ফিরিঙ্গীবাজার বংশাল রোড এলাকার নজরুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, অভিযানে ওই আস্তানা থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট, ৫ হাজার জাল ভিসা ছাড়াও জালিয়াতির কাজে ব্যবহৃত একটি কম্পিউটার, সিপিইউ, প্রিন্টার, কিবোর্ড, মাউস এবং তিনটি সিল জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কোতোয়ালি থানায় প্রতারণা, জালিয়াতি ও পাসপোর্ট-সংক্রান্ত আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ আরও জানায়, অভিযুক্ত আব্দুল মাবুদের বিরুদ্ধে এর আগেও ঢাকার বিমানবন্দর থানায় প্রতারণা, জালিয়াতি ও সাইবার সুরক্ষা আইনে একটি মামলা রয়েছে।