চট্টগ্রাম

চট্টগ্রাম ও ডারবানকে ‘সিস্টার সিটি’ করার প্রস্তাব চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ এবং নগর উন্নয়নে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে বন্দরনগরী চট্টগ্রাম ও দক্ষিণ আফ্রিকার বন্দরনগরী ডারবানকে ‘সিস্টার সিটি’ হিসেবে গড়ে তোলার প্রস্তাব দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর অনিল সুকলালের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ প্রস্তাব দেন। প্রশাসকের প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে হাইকমিশনার দুই নগরীর মধ্যে সম্পর্ক স্থাপনে কাজ করার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী ও আন্তর্জাতিক বাণিজ্যের প্রধান প্রবেশদ্বার। অন্যদিকে ডারবান দক্ষিণ আফ্রিকার অন্যতম প্রধান বন্দরনগরী ও অর্থনৈতিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র। ভৌগোলিক অবস্থান, বন্দরনির্ভর অর্থনীতি, শিল্পায়ন ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে দুই নগরীর মধ্যে অনেক মিল রয়েছে। প্রাতিষ্ঠানিক এই সম্পর্ক গড়ে তোলা গেলে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি নগর ব্যবস্থাপনা, যোগাযোগ অবকাঠামো, পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা, পর্যটন, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।

দক্ষিণ আফ্রিকায় প্রায় পাঁচ লাখ বাংলাদেশির বসবাসের বিষয়টি তুলে ধরে প্রশাসক বলেন, প্রবাসী বাংলাদেশিরা সেখানে ব্যবসা-বাণিজ্য পরিচালনার মাধ্যমে দুই দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। অথচ বাংলাদেশে এখনো দক্ষিণ আফ্রিকার আবাসিক হাইকমিশন নেই। দুই দেশের কূটনৈতিক ও বাণিজ্যিক যোগাযোগ আরও সহজ করতে ঢাকায় আবাসিক মিশন স্থাপন জরুরি। চট্টগ্রামে সমুদ্রবন্দর, আন্তর্জাতিক বিমানবন্দর ও রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলসহ (ইপিজেড) শিল্প-বাণিজ্যের আধুনিক অবকাঠামো রয়েছে উল্লেখ করে তিনি দক্ষিণ আফ্রিকার বিনিয়োগকারীদের চট্টগ্রামে বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণের আহ্বান জানান। এ সময় তিনি চট্টগ্রামে দেশের প্রথম বাইসাইকেল ট্র্যাক নির্মাণ, আধুনিক ফুটওভার ব্রিজ ও যানজট নিরসনে গৃহীত নানা অবকাঠামোগত উন্নয়ন কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন।

প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়ে দক্ষিণ আফ্রিকার অনাবাসিক হাইকমিশনার প্রফেসর অনিল সুকলাল দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার কোয়াজুলু-নাটাল প্রদেশে অবস্থিত ডারবান সাব-সাহারান আফ্রিকার অন্যতম ব্যস্ত বন্দরনগরী। ইথেকউইনি মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটির আওতাধীন এ নগরীর সঙ্গে ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের শিকাগো, যুক্তরাজ্যের লিডস, জার্মানির ব্রেমেন, চীনের গুয়াংজু ও নেদারল্যান্ডসের রটারডামের সিস্টার সিটি সম্পর্ক রয়েছে। অন্যদিকে, ১৯৯৪ সালের ১০ সেপ্টেম্বর বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হলেও নয়াদিল্লিস্থ হাইকমিশন থেকেই বাংলাদেশের কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) তথ্যানুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৩০ কোটি ১২ লাখ মার্কিন ডলার; যার মধ্যে বাংলাদেশের রপ্তানি ছিল ১২ কোটি ৪০ লাখ ৪০ হাজার ডলার এবং আমদানি ছিল ১৭ কোটি ৭১ লাখ ৬০ হাজার ডলার।

সাক্ষাৎকালে দক্ষিণ আফ্রিকার প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন হাইকমিশনারের সহধর্মিণী ড. নেলিস্ট্রা সুকলাল সিং, নয়াদিল্লিস্থ দক্ষিণ আফ্রিকার হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মাশুদুবেলে মামাবোলো, বাংলাদেশে দক্ষিণ আফ্রিকার অনারারি কনসাল মোহাম্মদ সোলায়মান আলম শেঠ এবং অনারারি কনস্যুলেটের উপপরিচালক প্রকৌশলী কাজী মো. মাহমুদ। চসিকের পক্ষে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com