শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে চিকিৎসকদের আয়োজনে আজ (১৮ ফেব্রুয়ারী, মঙ্গলবার) অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি’র স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। তিনি বাংলাদেশ শিশু হাসপাতালের গভর্নিং বডির সভাপতি নির্বাচিত হওয়ায় অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হককে অভিনন্দন জানিয়ে বলেন,
“বর্তমানে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থানে যারা পদায়ন পাচ্ছেন, তাদের সহযোগিতা কারা করছে?”
ডা. রফিক আরও বলেন, “আজ যেসব অপশক্তি বিভিন্ন পদোন্নতিতে সহযোগিতা করছে, তাদের ভবিষ্যতে চিহ্নিত করে রাখা হবে। আমরা জানি, এই শক্তিগুলো কখনো জনগণের স্বার্থে কাজ করেনি।” তিনি বিএনপির চলমান আন্দোলন সংগ্রামের সময়কার শহীদদের এবং জুলাই আন্দোলনে আহতদের প্রতি সম্মান জানিয়ে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
তিনি বিশেষভাবে উল্লেখ করেন, “জুলাই বিপ্লবের সময়ে যারা চিকিৎসা সেবা দিয়েছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। তবে, আজ মেডিকেল কলেজগুলোতে ফ্যাসিস্ট সরকারের দোসরদের পদায়ন এবং পদোন্নতির মাধ্যমে তাদেরকে অভয়ারণ্যে পরিণত করা হয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক।”
ডা. রফিকুল ইসলাম বলেন, “আমরা বিএনপির পক্ষ থেকে ৫ আগস্টের পর হাসপাতালগুলোর স্বাভাবিক কার্যক্রম চালু রাখার জন্য আন্তরিক সহযোগিতা দিয়েছি, তবে এটি কোনো দুর্বলতা নয়। আমরা খেয়াল রাখছি, ঢাকায় যারা দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট সরকারের হয়ে কাজ করেছেন, তাদের কিছু পদায়ন আবার ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে।”
তিনি সরকারের সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বলেন, “এই পদায়নগুলোর সঠিক তদন্ত করা উচিত এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।” তিনি অবিলম্বে এই পদায়নের রহস্য উন্মোচন করে সঠিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান, যাতে শহীদের রক্তের সাথে বেইমানী না হয়।
ডা. রফিকুল ইসলাম “সবার জন্য সূস্বাস্থ্য” নীতির আলোকে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুনভাবে ঢেলে সাজানোর প্রত্যয় ব্যক্ত করেন এবং সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।