আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর অধিভুক্ত সংগঠনগুলোর যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।
শনিবার রাতে রাজধানীর যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবনে অনুষ্ঠিত বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
আইন উপদেষ্টার ব্রিফিং
রাত ১১টায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল সাংবাদিকদের ব্রিফ করেন এবং উপদেষ্টা পরিষদের লিখিত বিবৃতি পাঠ করে শোনান।
বিবৃতিতে বলা হয়,
“আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, ট্রাইব্যুনাল এখন কোনও রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে। বাংলাদেশ আওয়ামী লীগ এবং তার নেতাদের বিরুদ্ধে বিচার চলমান অবস্থায়, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা, এবং ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাসবিরোধী আইনের আওতায় দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। প্রয়োজনে সাইবার স্পেসে দলের কার্যক্রমও নিয়ন্ত্রণ করা হবে।”
চূড়ান্ত ঘোষণা আসছে ৩০ কার্যদিবসে
বিবৃতিতে আরও জানানো হয়,
“আজকের বৈঠকে ‘জুলাই ঘোষণাপত্র’ আগামী ৩০ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্তও গৃহীত হয়েছে।”