বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। আজ রোববার বিকেল সাড়ে ৩টায় এই বৈঠক গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ অংশ নেন।
আলোচনার বিষয়বস্তু
বৈঠক শেষে বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, আলোচনার মূল বিষয়বস্তু ছিল নির্বাচন, গণতান্ত্রিক প্রক্রিয়ার পুনরুদ্ধার, এবং দেশের সাম্প্রতিক পরিস্থিতি।
তিনি বলেন:
“চলতি বছরের মধ্যেই জাতীয় নির্বাচন সম্পন্ন করা জরুরি। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।”
বৈঠকে সংস্কার নিয়ে আলোচনা হয়, যেখানে কিছু বিষয় দ্রুত বাস্তবায়নের প্রস্তাব দেওয়া হয়। আমীর খসরু জানান, “যেসব সংস্কারে ঐক্যমত হবে, সেগুলো দ্রুত বাস্তবায়ন করা যেতে পারে। আর যেসব বিষয়ে মতভেদ থাকবে, সেগুলো নিয়ে ভবিষ্যতে নির্বাচনের পর আলোচনা হবে।”
অর্থনীতি ও বিনিয়োগ
বাংলাদেশের অর্থনীতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির পক্ষ থেকে পরিস্কারভাবে বলেছি; আগামী দিনে দেশের অর্থনীতিকে গর্তের ভেতর থেকে তুলে আনতে বিএনপি ইতিমধ্যে নানা ধরনের কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে এই সরকারের সময় যদি কোনো কর্মসূচির উদ্যোগ নেওয়া হয় সেটা অবশ্যই বিএনপি সমর্থন করবে।
ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেছে বলে বৈঠকে আলোচনা হয়েছে। আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি বিনিয়োগকারীদের স্বাগত জানায়।