কানাডায় ‘সাক্সেসফুল ৫০ বাংলাদেশী’ তালিকায় স্থান পেলেন শিল্পপতি আজাদ খান
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বিখ্যাত আন্তর্জাতিক গণমাধ্যম ‘বিজনেস আমেরিকা’ (Business America) ম্যাগাজিনের ‘সাক্সেসফুল ৫০ বাংলাদেশী ইন কানাডা’ (Successful 50 Bangladeshis in Canada) শীর্ষক মর্যাদাপূর্ণ তালিকায় স্থান লাভের গৌরব অর্জন করেছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক মোহাম্মদ আজাদ খান।
গত ৮ অক্টোবর প্রকাশনাটির বিশেষ সংখ্যায় এই সম্মানজনক তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
জানা গেছে, চলতি বছর গণমাধ্যমটি আমেরিকা, কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করা বাংলাদেশী বংশোদ্ভূত সফল ব্যক্তিদের ওপর একটি বিশেষ জরিপ পরিচালনা করে। ব্যবসায়িক নেতৃত্ব, প্রকৌশল, উদ্ভাবন ও উদ্যোক্তা খাতসহ বিভিন্ন ক্যাটাগরিতে অবদান রাখা শীর্ষ ৫০ জন সফল ব্যক্তিত্বকে এই তালিকায় মনোনীত করা হয়। উক্ত তালিকায় ‘ব্যবসায়ী নেতৃত্ব’ (Business Leadership) ক্যাটাগরিতে শিল্পপতি মোহাম্মদ আজাদ খান মনোনীত হয়েছেন।

শিল্পপতি মোহাম্মদ আজাদ খান বর্তমানে কানাডা প্রবাসী। তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ কানাডার টরোন্টো শহরে স্থায়ীভাবে বসবাস করছেন এবং আন্তর্জাতিক অঙ্গনে সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।
এই মর্যাদাপূর্ণ অর্জনে নিজের প্রতিক্রিয়া ও অনুভূতি ব্যক্ত করতে গিয়ে মোহাম্মদ আজাদ খান বলেন, “জীবনের তাগিদে সুদূর বিদেশে বসবাস করলেও দেশের প্রতি অগাধ ভালোবাসা ও দায়িত্ববোধ আমাকে প্রতি মুহূর্তে তাড়িত করে। কানাডায় ব্যবসার পাশাপাশি প্রবাসী বাংলাদেশীদের ঐক্যবদ্ধ রাখতে আমরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। এ ধরনের স্বীকৃতি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে। আগামী দিনগুলোতে দেশের কল্যাণ ও প্রবাসী ভাই-বোনদের সেবায় যেন আরও অবদান রাখতে পারি, সে জন্য আমি সকলের নিকট দোয়া ও আশীর্বাদ প্রত্যাশা করছি।”
মোহাম্মদ আজাদ খানের এই অর্জনে প্রবাসী বাংলাদেশী কমিউনিটিসহ দেশীয় ব্যবসায়ী মহলে আনন্দের জোয়ার বইছে।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।