বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে মোহাম্মদ হোসাইন মিথুন ও রিয়াজুল হাসান রাসেলকে বহিষ্কার করা হয়েছে। মিথুন রাজধানীর এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার অভিযোগে গ্রেফতার হন।
শুক্রবার ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শৃঙ্খলা ভঙ্গের কারণে মিথুন ও রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে অধিকতর তদন্ত চলবে।
এছাড়া ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তারা নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন যে, মিথুন ও রাসেলের সাথে কোনো সাংগঠনিক সম্পর্ক রাখা যাবে না।
পুলিশ হেফাজত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা
মিথুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে মিথুনের সমর্থকরা বাধা দেন এবং পরে ছাত্রদল-যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী থানায় হামলা করে মিথুনকে ছিনিয়ে নিতে চেষ্টা করেন। এই হামলায় নিউমার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) তারিক লতিফসহ চার থেকে পাঁচ জন পুলিশ কর্মকর্তা গুরুতর আহত হন।