সর্বশেষ

পেটের মেদ বাড়াতে পারে মৃত্যুর ঝুঁকি

পেটের মেদকে অনেকেই সাধারণত কেবল সৌন্দর্যহানি কিংবা হৃদরোগ, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ঝুঁকির কারণ হিসেবে বিবেচনা করেন। তবে সাম্প্রতিক গবেষণায় উঠে এসেছে, পেটের অতিরিক্ত চর্বি মস্তিষ্কের স্বাস্থ্যের ওপরও দীর্ঘমেয়াদি মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে এবং পরবর্তীতে স্মৃতিভ্রংশ বা ডিমেনশিয়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয়।

​বিশেষজ্ঞদের মতে, পেটের গভীরে লিভার, অগ্ন্যাশয় ও অন্ত্রের চারপাশে জমে থাকা ভিসেরাল ফ্যাট শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ত্বকের নিচে থাকা সাবকিউটেনিয়াস ফ্যাটের তুলনায় এটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ, কারণ এটি শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহজনিত রাসায়নিক নিঃসরণ করে। এর প্রভাবে রক্তনালি ও ইনসুলিনের কার্যকারিতা ব্যাহত হওয়ার পাশাপাশি মস্তিষ্কে স্বাভাবিক রক্তপ্রবাহ কমে যায় এবং স্নায়ুকোষগুলোর পারস্পরিক যোগাযোগ ক্ষতিগ্রস্ত হয়। এতে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়া, মনোযোগের ঘাটতি, চিন্তাশক্তি ধীর হয়ে যাওয়া, নতুন বিষয় শেখায় অসুবিধা এবং আলঝেইমারসসহ নানা জটিলতার ঝুঁকি বৃদ্ধি পায়।

​‘ইমিউন নেটওয়ার্ক’ সাময়িকীতে প্রকাশিত এক গবেষণায় উল্লেখ করা হয়েছে, অন্ত্র শুধু খাবার হজমই করে না, বরং এটি রোগ প্রতিরোধব্যবস্থা, বিপাকক্রিয়া ও স্নায়ুতন্ত্রের কার্যক্রমেও ভূমিকা রাখে। অন্ত্রে থাকা উপকারী অণুজীব বা ‘গাট মাইক্রোবায়োম’ মস্তিষ্কের সুস্থতা বজায় রাখতে কাজ করে। তবে ভিসেরাল ফ্যাট থেকে নিঃসৃত প্রদাহজনিত উপাদান মস্তিষ্কে সেরোটোনিন ও ডোপামিনের মতো নিউরোট্রান্সমিটারের ভারসাম্য নষ্ট করে উদ্বেগ, বিষণ্নতা, ঘুমের সমস্যা ও অতিরিক্ত ক্লান্তির সৃষ্টি করতে পারে।

​অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার, কোমল পানীয়, শারীরিক নিষ্ক্রিয়তা, মানসিক চাপ ও অনিয়মিত ঘুম ভিসেরাল ফ্যাট জমার প্রধান কারণ। চিকিৎসকদের মতে, স্বাভাবিক ওজনের মানুষের পেটেও এই ক্ষতিকর চর্বি জমতে পারে, তাই শুধু শারীরিক ওজন নয়, কোমরের পরিধিও সুস্থতার বড় সূচক। প্রতিদিন ৭-৯ ঘণ্টা ঘুম, নিয়মিত ব্যায়াম, সুষম খাবার ও মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে এই চর্বি কমিয়ে হৃদরোগের পাশাপাশি মস্তিষ্কের স্মৃতিশক্তি দীর্ঘস্থায়ী করা সম্ভব।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com