খেলাধুলা

শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবল: আজকের ফলাফল

চট্টগ্রাম নগর বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর এসব খেলায় জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয় এবং কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয় চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ ও রেলওয়ে পাবলিক হাই স্কুল। আক্রমণ-প্রতিআক্রমণে জমজমাট ম্যাচটি শেষ পর্যন্ত গোলশূন্য ড্র হয়। ম্যাচ শেষে মিউনিসিপ্যাল মডেল স্কুলের দুর্দান্ত পারফরমার মোহাম্মদ তারেককে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার তুলে দেন সম্মানিত ফুটবল কোচ হায়দার কবির প্রিন্স।

সকালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি লড়াইয়ে গরীবে নেওয়াজ উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয় তুলে নেয় বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনী উচ্চ বিদ্যালয়। দলের পক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন মো. ইব্রাহিম। বিজয়ী দলের খেলোয়ার জায়েদ হাসানের হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন কেন্দ্রীয় ক্রীড়া দলের সদস্য এম এইচ হাসান।

দুপুরে অনুষ্ঠিত তৃতীয় ম্যাচে জয় পায় নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়। হালিশহর আলহাজ্ব মহব্বত আলী সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে জয়ের স্বাদ নেয় তারা। দলের পক্ষে বিজয়ী গোলটি করেন মোহাম্মদ জারিফ। ম্যাচ সেরা জারিফের হাতে পুরস্কার তুলে দেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম সাইফুল আলম।

দিনের চতুর্থ ও শেষ ম্যাচে কদম মোবারক সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় ৩-০ গোলের বড় ব্যবধানে ভোলানাথ মনোরমা সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। কদম মোবারকের পক্ষে ওসমান বিন বশির দুটি ও শাহাদাত হোসেন একটি গোল করেন। জোড়া গোল করে দলকে জয় উপহার দেওয়া ওসমান বিন বশিরের হাতে ম্যাচ সেরার স্মারক তুলে দেন বিসিবি পরিচালক ইসরাফিল খসরু।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com