যুক্তরাজ্যের লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে লন্ডনের কিংস ক্রস এলাকায় একটি ফ্ল্যাট বিনামূল্যে দিয়েছেন আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ। বিষয়টি ফিন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে।
নথি অনুযায়ী, ফ্ল্যাটটি ২০০৪ সালে টিউলিপ সিদ্দিকের নামে হস্তান্তর করা হয়। এটি ২০০১ সালে ১ লাখ ৯৫ হাজার পাউন্ডে কেনা হয়েছিল। বর্তমানে একই ভবনের আরেকটি ফ্ল্যাট প্রায় ৬ লাখ ৫০ হাজার পাউন্ডে বিক্রি হয়েছে।
প্রতিবেদনে জানা যায়, টিউলিপ এবং তার পরিবারের সদস্যরা একসময় ওই ফ্ল্যাটে বসবাস করতেন। টিউলিপের সংসদ সদস্য হিসেবে দাখিল করা আর্থিক বিবরণীতে ফ্ল্যাট থেকে ভাড়া পাওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
কৃতজ্ঞতা নাকি অন্য কিছু?
ফিন্যান্সিয়াল টাইমসের সঙ্গে কথা বলেছেন এক ব্যক্তি, যিনি দাবি করেন, টিউলিপের মা-বাবা ব্যবসায়ী মোতালিফকে দুর্দিনে আর্থিক সহায়তা করেছিলেন। কৃতজ্ঞতাস্বরূপ তিনি ফ্ল্যাটটি দিয়েছিলেন। তবে মোতালিফ এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে রাজি হননি।
টিউলিপ সিদ্দিকের মুখপাত্র বিষয়টি ‘ভুল’ বলে দাবি করেছেন। লেবার পার্টির কর্মকর্তারাও অভিযোগগুলো ‘মিথ্যা’ বলে উড়িয়ে দিয়েছেন।
দুদকের অনুসন্ধান
এদিকে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে ৯টি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অনুসন্ধান করছে।
প্রধানমন্ত্রীর দপ্তরের অবস্থান
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার টিউলিপের ওপর আস্থা রেখেছেন এবং তার দায়িত্ব অব্যাহত থাকবে।