আন্তর্জাতিক

জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে...

আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার ব্যক্তিত্ব আইরিন জুবাইদা খান জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (২৮ আগস্ট ২০২৬) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের কাছে তিনি তাঁর আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করেন। আজ শনিবার (২৯ আগস্ট ২০২৬) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মানবাধিকার, আন্তর্জাতিক আইন, শরণার্থী সুরক্ষা, আইনের শাসন ও টেকসই উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে আইরিন খানের কয়েক দশকের সমৃদ্ধ আন্তর্জাতিক কাজের অভিজ্ঞতা রয়েছে। দীর্ঘ কর্মজীবনে তিনি জাতিসংঘসহ বৈশ্বিক একাধিক সংস্থায় গুরুত্বপূর্ণ ও শীর্ষপর্যায়ের দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, আইরিন খান ২০২০ সাল থেকে মতামত ও মতপ্রকাশের স্বাধীনতার অধিকার সুরক্ষা ও প্রসারবিষয়ক জাতিসংঘের স্পেশাল র‌্যাপোর্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তিনি বিশ্বখ্যাত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। তিনিই ছিলেন আন্তর্জাতিক এই সংস্থাটির ইতিহাসের প্রথম নারী মহাসচিব।

পরবর্তীতে ২০১২ থেকে ২০১৯ সাল পর্যন্ত আইরিন খান ‘ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ল’ অর্গানাইজেশন’ (আইডিএলও)-এর মহাপরিচালক হিসেবে নেতৃত্ব দেন। তারও আগে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনারের কার্যালয়ে (ইউএনএইচসিআর) দীর্ঘ ২১ বছরের কর্মজীবনে তিনি ভারতে চিফ অব মিশন এবং ডিভিশন অব ইন্টারন্যাশনাল প্রটেকশনের উপ-পরিচালকসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

আন্তর্জাতিক মানবাধিকার ও বিশ্বশান্তি প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আইরিন খান ২০০৬ সালে মর্যাদাপূর্ণ ‘সিডনি পিস প্রাইজ’-এ ভূষিত হন। তিনি বহুল প্রশংসিত ‘দ্য আনহার্ড ট্রুথ: পভার্টি অ্যান্ড হিউম্যান রাইটস’ গ্রন্থের রচয়িতা। আইরিন খান যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ম্যানচেস্টার এবং যুক্তরাষ্ট্রের বিখ্যাত হার্ভার্ড ল’ স্কুলে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com