পবিত্র মাহে রমজান উপলক্ষে জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্কফোর্সের উদ্যোগে আজ (১১ মার্চ) চট্টগ্রাম মহানগরীর চকবাজার এবং ২ নম্বর গেটস্থ কর্ণফুলি কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
চকবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চট্টগ্রাম ইমরান মাহমুদ ডালিম। অপরদিকে, কর্ণফুলি কমপ্লেক্সে মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাকিব শাহরিয়ার, তামজীদুর রহমান ও ইজাহারুল আহম্মেদ শিহাব।

মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ, মুদি দোকান, তেলের দোকান, কাঁচাবাজার, ফলের দোকান ও মাংসের দোকানসমূহে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি, পণ্যের অতিরিক্ত মূল্য গ্রহণ, মোড়কজাত পণ্যের নিয়ম অনুসরণ না করা এবং পরিবেশের জন্য ক্ষতিকর সামগ্রী বিক্রির অভিযোগে ব্যবস্থা নেওয়া হয়।

এ সময় চকবাজারে ৪টি এবং কর্ণফুলি কমপ্লেক্সে ৬টি মামলায় অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দোকানগুলোতে বিশেষ নজরদারি বাড়ানো হয় এবং মজুতদারি রোধে সকল বিক্রেতাকে সতর্ক করা হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বাজার মনিটরিং টাস্কফোর্সের নিয়মিত মোবাইল কোর্ট কার্যক্রম পুরো রমজান মাসব্যাপী চলমান থাকবে।