চট্টগ্রামে ৩৯ নম্বর ওয়ার্ডে ডেঙ্গু প্রতিরোধে চসিকের ক্রেশ প্রোগ্রাম
চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেনের নির্দেশনায় এবং চসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এডিশ মশা নিধন ও প্রজনন রোধে বিশেষ ক্রাশ প্রোগ্রাম শুরু হয়েছে। এর অংশ হিসেবে বুধবার (১৪ অক্টোবর) ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডের বন্দরটিলা এলাকায় কাউন্সিলর কার্যালয়ের সামনে এই মশক নিধন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
চসিকের পরিচ্ছন্ন কর্মকর্তা ও প্রকল্প পরিচালক ক্যাপ্টেন এম. শামীম আহমেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফগার মেশিনের সাহায্যে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর বিএনপির সদস্য ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, ওয়ার্ড সচিব প্রতিনিধি, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, বিএনপি নেতা মো. শরীফ, মিজানুর রহমান পারুল, সুমন রহমান, ইউসুফ সুমন, মো. ফোরকান, ছাত্রনেতা মো. আকিব জাভেদ, মহসিন সোহেল এবং ওয়ার্ড পরিচ্ছন্ন সুপারভাইজারসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল জানান, ক্রেশ প্রোগ্রামের আওতায় ১৪ অক্টোবর সারাদিন সি ইউনিট এলাকার বিভিন্ন অলিগলি ও বাসাবাড়িতে ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম অব্যাহত থাকবে। এরপর পর্যায়ক্রমে ওয়ার্ডের বি ও এ ইউনিট এলাকাতেও এই বিশেষ কর্মসূচি পরিচালিত হবে।
এদিকে, ৩৯ নম্বর ওয়ার্ডটিকে ডেঙ্গু জ্বরের জন্য ইতিমধ্যে চসিকের পক্ষ থেকে ‘রেড জোন’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এলাকার সকল নাগরিককে নিজেদের বাড়িঘর ও আশপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার মাধ্যমে সর্বাত্মক সচেতনতা বজায় রাখার জন্য দৃঢ় আহ্বান জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।