নিউ ইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার প্রতিবাদে জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা
যুক্তরাষ্ট্রের জন এফ কেনেডি (JFK) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীদের দ্বারা হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সাংবাদিকদের সংগঠন ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি’ (জেজেইউ)।
এক যৌথ বিবৃতিতে জেজেইউ’র আহ্বায়ক সাইফুর সাগর এবং সদস্য সচিব আহসান কামরুল এই ন্যক্কারজনক ঘটনার প্রতি তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শত শত মানুষকে হত্যার পর আওয়ামী লীগ সরকারের পতন ও পলায়নের ঘটনা ঘটলেও তাদের নেতাকর্মীদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা না থাকা অত্যন্ত দুঃখজনক। নিজেদের অপরাধ শোধরানোর বদলে তারা এখনও বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।
জেজেইউ নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির এক চরম ক্রান্তিকালে দেশের দায়িত্ব নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার এবং ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাংলাদেশকে পুনর্গঠনে নেতৃত্ব দিয়েছেন। বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্বের সাথে দেশের বাইরে এমন ঔদ্ধত্যপূর্ণ আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয়। এ বিষয়ে অবিলম্বে বাংলাদেশ সরকারকে কার্যকর আন্তর্জাতিক ও কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান তারা।
যৌথ বিবৃতিতে আরও বলা হয়, জুলাই গণহত্যাসহ ফ্যাসিস্ট আমলের সকল গুম ও খুনে জড়িতদের আইনি বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকর করতে হবে। পাশাপাশি মানবতাবিরোধী অপরাধ ও সন্ত্রাসের দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনগুলোর অনতিবিলম্বে বিচার কাজ শুরু করার আহ্বান জানান সংগঠনের নেতারা।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।