অর্থনীতি

নোয়াখালীর সেনবাগে মিলল নতুন গ্যাসের সন্ধান

জাতীয় গ্রিডে যুক্ত হবে ৭ মিলিয়ন ঘনফুট

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অনুসন্ধানী কূপ খনন শেষে নতুন করে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘শাহজাদপুর-সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ খননকালে এই সাফল্য অর্জিত হয়।

আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) বিকেলে কূপটিতে সুনির্দিষ্টভাবে গ্যাসের অবস্থান নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে সংশ্লিষ্ট প্রকৌশলীরা ধারণা করছেন, অনুসন্ধান সফল হলে এই কূপ থেকে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ করা সম্ভব হবে, যা দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে ইতিবাচক ভূমিকা রাখবে।

বাপেক্স সূত্র জানায়, গত ২৮ জুলাই ২০২৬ তারিখ থেকে কূপটির আনুষ্ঠানিক খনন কাজ শুরু হয়। ডিরেকশনাল ওয়েল (Directional Well) পদ্ধতিতে এবং আধুনিক এমডব্লিউডি (MWD) প্রযুক্তির সহায়তায় ভূগর্ভের ১,৫৭৮ মিটার গভীরতা পর্যন্ত খনন সম্পন্ন করা হয়। এর মধ্যে ১,৪২০ মিটার থেকে ১,৪৬০ মিটার গভীরতার মধ্যবর্তী অঞ্চলে গ্যাসের শক্তিশালী অস্তিত্ব শনাক্ত করা হয়েছে।

প্রকল্পের সার্বিক অগ্রগতি বিষয়ে শাহজাদপুর-সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্পের প্রকল্প পরিচালক মো. মোজাম্মেল হক জানান, “কূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হওয়ার পর বর্তমানে ড্রিল স্টিম টেস্ট (DST) পরিচালনা করা হচ্ছে। আগামী ২ থেকে ৩ দিনের মধ্যে ডিএসটি টেস্টের চূড়ান্ত রিপোর্ট পাওয়া গেলে কূপটির মোট মজুদকৃত গ্যাসের সঠিক পরিমাণ নিশ্চিত করা সম্ভব হবে।”

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com