অপরাধ

মতিঝিলে আন্দোলনরত ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের ওপর হামলা

বিকেলে চট্টগ্রামে প্রতিবাদ সভা

চাকরিতে পুনর্বহালের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালনকালে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে চাকরিচ্যুত বহু ব্যাংকারসহ উভয় পক্ষের বেশ কয়েকজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে রাজধানীর মতিঝিলের দিলকুশাস্থ ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে এ হামলার ঘটনা ঘটে।

হামলার শিকার চাকরিচ্যুত এক ব্যাংকার

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, চাকরি ফেরানোর দাবিতে ইসলামী ব্যাংকের প্রায় সাড়ে চার হাজার চাকরিচ্যুত ব্যাংকার দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ের সামনে টানা ২য় দিনের মতো শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচী পালন করছিলেন। অবস্থান কর্মসূচী চলাকালে “ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম” নামক একটি সংগঠনের নেতাকর্মীরা হঠাৎ লাঠিসোটা ও ইট-পাটকেল নিয়ে তাঁদের ওপর অতর্কিত হামলা চালায়।

ভুক্তভোগীদের অভিযোগ, এই হামলার সরাসরি নেতৃত্ব দিয়েছেন ‘ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম’-এর প্রধান নূরনবী মানিক, যিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ধানমন্ডি জোন পরিচালক। এছাড়া সংগঠনটির সমন্বয়ক ৩৯ নং ওয়ার্ড ওয়ারী পূর্ব থানা জামায়াতের আমীর মুতাছিম বিল্লাহ ও পল্টন থানার কর্মপরিপরিষদ সদস্য শামীম হাসনাইনসহ বেশ কয়েকজন শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ সরাসরি এই হামলায় অংশ নেন বলে দাবি করেন আন্দোলনকারীরা।

হামলার শিকার চাকরিচ্যুত এক ব্যাংকার

ঘটনার সময় উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকা সত্ত্বেও দু’পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা রণক্ষেত্রে রূপ নেয় এবং ব্যাপক মারামারি শুরু হয়। এতে অন্তত ৫ জন চাকরিচ্যুত ব্যাংকারসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে তৎক্ষণাৎ নিকটস্থ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

‘সচেতন গ্রাহক ফোরাম’-এর পক্ষ থেকে জানানো হয়, কর্মসূচি শুরু হওয়ার পর আগে থেকে অবস্থান নেওয়া চাকরিচ্যুতরা ব্যাংকের শেয়ারহোল্ডার ও গ্রাহকদের ওপর হামলা চালায়।

ঘটনার বিষয়ে জানতে চাওয়া হলে পুলিশের মতিঝিল জোনের সহকারী পুলিশ কমিশনার হুসাইন মুহাম্মাদ ফারাবী জানান,

“চাকরিচ্যুত ব্যাংকার আর সচেতন গ্রাহক নামধারীদের মধ্যে কিছুটা হাতাহাতি হয়েছে।”

অন্যদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক বিষয় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মহসীন আল মুরাদ গণমাধ্যমকে জানান,

‘সকালের ঘটনা আমি জানি না। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে প্রস্তুত রয়েছে।’

বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি থমথমে থাকলেও আইনশৃঙ্খলা বাহিনী নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

এদিকে, এই আকস্মিক হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচার এবং দ্রুত চাকরিতে পুনর্বহালের দাবিতে বর্তমানে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছে চাকরিচ্যুত ব্যাংকারগণ। পাশাপাশি বন্দরনগরী চট্টগ্রামে অবস্থানরত চাকরিচ্যুত ব্যাংকারদের একটি অংশ এই হামলার প্রতিবাদে আজ বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেসক্লাবে একটি প্রতিবাদ সভার আয়োজন করেছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com