অপরাধ

রামগড়ে সচিবের ভাই ও ওসির পরিচয় দিয়ে প্রতারণার চেষ্টা

ইউএনও অফিসে আটক ১

খাগড়াছড়ির রামগড়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই পরিচয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শামীমের কাছে ১ লাখ টাকা চাঁদা চাওয়ার অভিযোগে মো. রেজাউল করিম (৬০) নামে এক ভুয়া পরিচয়ধারীকে আটক করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১২টার দিকে রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে। আটককৃত রেজাউল করিম কুমিল্লার চান্দিনা উপজেলার এম এ খালেকের ছেলে। জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে তিনি ঢাকার মিরপুর এলাকায় বসবাস করেন।

ঘটনার বিবরণ দিয়ে ইউএনও কাজী শামীম জানান, দুই দিন আগে এক ব্যক্তি ফোন করে নিজেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক সচিবের বড় ভাই হিসেবে পরিচয় দেন। মঙ্গলবার সকালে তিনি পুনরায় ফোন করে জানান যে তিনি রামগড়ে অবস্থান করছেন। বিষয়টির প্রেক্ষিতে তাকে ইউএনও কার্যালয়ে আসার আমন্ত্রণ জানানো হয়।

ইউএনও আরও জানান, কার্যালয়ে আসার পর তাকে আপ্যায়ন করা হয়। একপর্যায়ে তিনি ইউএনওর বদলি সংক্রান্ত বিষয় নিয়ে কথা শুরু করেন এবং ঢাকা ফেরার খরচ বাবদ জরুরি টাকার স্বল্পতার অজুহাতে ১ লাখ টাকা ধার চান। ঢাকায় ফিরে টাকা পরিশোধের আশ্বাস দিলেও তার অসঙ্গতিপূর্ণ কথাবার্তায় সন্দেহ তৈরি হয়। তাৎক্ষণিকভাবে ইউএনও সংশ্লিষ্ট সচিবের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে সচিব ওই ব্যক্তিকে চেনেন না বলে জানান।

পরবর্তীতে খোঁজ নিয়ে আরও জানা যায়, অভিযুক্ত রেজাউল করিম রামগড়ের একটি আবাসিক হোটেলে রামগড় থানার ওসির ভুয়া পরিচয় ব্যবহার করে রুম ভাড়া নিয়েছিলেন। অথচ থানার ওসি তাকে চেনেনই না। জালিয়াতি ও প্রতারণার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “প্রতারণার অভিযোগে রেজাউল করিম নামে ওই ব্যক্তিকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ইউএনও কার্যালয় থেকে প্রাপ্ত আনুষ্ঠানিক অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com