চট্টগ্রামে ‘কানাডিয়ান এনার্জি অর্থনৈতিক অঞ্চল’ স্থাপনের আহ্বান মেয়রের
চট্টগ্রামকে একটি আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের বাংলাদেশের জ্বালানি ও প্রযুক্তি খাতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (সিসিসি) মেয়র ডা. শাহাদাত হোসেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) কানাডার লাসাল—এমার্ড—ভার্দ্যাঁ আসনের সংসদ সদস্য এবং জ্বালানি ও প্রাকৃতিক সম্পদবিষয়ক মন্ত্রীর সংসদীয় সচিব ক্লদ গুয়ে (Claude Guay)-এর সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।
বৈঠকে বাংলাদেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলা এবং দীর্ঘমেয়াদি জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রামে একটি ‘কানাডিয়ান স্পেশালাইজড এনার্জি ইকোনমিক জোন’ প্রতিষ্ঠার সম্ভাবনা নিয়ে ফলপ্রসূ আলোচনা করা হয়।
প্রস্তাবিত এই অর্থনৈতিক অঞ্চলে একটি আধুনিক ও বৃহৎ তেল শোধনাগার স্থাপনের উদ্যোগ অন্তর্ভুক্ত রয়েছে, যা দেশের অভ্যন্তরীণ পরিশোধিত জ্বালানি তেলের চাহিদা মেটানোর পাশাপাশি বৈশ্বিক আমদানিনির্ভরতা হ্রাস করতে কার্যকরী ভূমিকা রাখবে। একই সাথে কানাডা থেকে দীর্ঘমেয়াদে অপরিশোধিত জ্বালানি তেল সরবরাহের একটি স্থায়ী অবকাঠামো তৈরির সুযোগ নিয়েও দুদেশের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়। মেয়র ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেন যে, চট্টগ্রামের ভৌগোলিক ও রাজনৈতিক কৌশলগত অবস্থান এবং চট্টগ্রাম সমুদ্রবন্দরের সক্ষমতা ব্যবহার করে একটি জাতীয় মানের সমন্বিত জ্বালানি হাব গড়ে তোলা সম্ভব, যা শুধু স্থানীয় পর্যায়ে নয়, বরং সমগ্র বাংলাদেশের শিল্পায়ন ও জ্বালানি নিরাপত্তায় ইতিবাচক পরিবর্তন আনবে।
দ্বিপাক্ষিক এই বৈঠকে পরবর্তী ধাপে উভয় দেশের সরকারি সংস্থা, কারিগরি বিশেষজ্ঞ এবং বিনিয়োগকারীদের সমন্বয়ে প্রকল্পের সম্ভাব্যতা ও অর্থনৈতিক কাঠামোর কারিগরি যাচাই কার্যক্রম শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।