চট্টগ্রাম রেঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেফতার ৯৯০
কিশোর গ্যাং সদস্য ৫৪৫
চট্টগ্রাম রেঞ্জজুড়ে কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৯৯০ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ চট্টগ্রাম রেঞ্জ পুলিশ কার্যালয়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত ৯৯০ জনের মধ্যে:
-
নিয়মিত মামলায়: ৯৬ জন
-
পরোয়ানা ও সাজা পরোয়ানা মূলে: ১৬৪ জন (পরোয়ানা ১৪৬ জন ও সাজা পরোয়ানা ১৮ জন)
-
পূর্ববর্তী মামলায়: ৬৩ জন
-
পুলিশ অ্যাক্ট ও কার্যবিধির বিভিন্ন ধারায়: ৭৮ জন (পুলিশ অ্যাক্ট ৩৪ ধারায় ২৮ জন, ৫৪ ধারায় ১১ জন, ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৩৯ জন)
মাদকবিরোধী অভিযানে নিয়মিত ও অন্যান্য মামলায় ৪৭ জন মাদক ব্যবসায়ীসহ মোট ৯১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে কেবল মাদক সংক্রান্ত মামলায় গ্রেফতার ৪৪ জনের মধ্যে ২ জন বহনকারী এবং ৪২ জন সেবনকারী।
অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২ জনকে কারাদণ্ড এবং ৮ হাজার ৮ শত টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। এ সময় মোট ৩৩ টি নতুন মাদক মামলা দায়ের করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্য:
-
ইয়াবা ট্যাবলেট: ৩৬,৫০৪ পিস
-
গাঁজা: ৪২ কেজি ৫৯০ গ্রাম
-
চোলাই মদ: ৯৫ লিটার ২৫০ মিলিলিটার
-
অন্যান্য: ৯ ক্যান বিয়ার এবং ৪২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট।
কিশোর গ্যাং ও নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা
অভিযানে কিশোর গ্যাংয়ের মোট ৫৪৫ জন সদস্যকে আটক করা হয়। এর মধ্যে আইনি প্রক্রিয়ার মাধ্যমে ৩৬৯ জনকে মুচলেকা নিয়ে নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং অপরাধে জড়িত বাকী ১৭৬ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
জেলাভিত্তিক কিশোর গ্যাং সদস্য আটক: কুমিল্লায় সর্বোচ্চ ২৭৫ জন, লক্ষ্মীপুরে ৫৪, নোয়াখালীতে ৫০, চাঁদপুরে ৪৩, ফেনীতে ৪০, চট্টগ্রামে ৩৬, খাগড়াছড়িতে ১২, কক্সবাজারে ৯, ব্রাহ্মণবাড়িয়ায় ২৫ এবং রাঙ্গামাটিতে ১ জন।
এছাড়া, বিভিন্ন জেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মোট ২০ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে (নোয়াখালীতে ৮, চট্টগ্রামে ৪, কুমিল্লায় ৩, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে ২ জন করে এবং ফেনীতে ১ জন)।
পুলিশ প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও সর্বসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে জনস্বার্থে পরিচালিত এই বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।