চট্টগ্রাম

বিদেশী ভাষা শেখানোর আহ্বান জানানলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনবল গড়ার পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষার ওপর বিশেষ জোর দেওয়ার তাগিদ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, কেবল কারিগরি প্রশিক্ষণ দিয়ে দক্ষ শ্রমিক তৈরি করলেই চলবে না; তারা যদি সংশ্লিষ্ট দেশের ভাষায় পারদর্শী না হন, তবে সেই দক্ষতা আন্তর্জাতিক বাজারে পুরোপুরি কাজে আসবে না।

শনিবার (৩ অক্টোবর ২০২৬) দুপুরে চট্টগ্রামের নাসিরাবাদস্থ শিল্প সম্পর্ক শিক্ষায়তন মিলনায়তনে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর-সংস্থার কর্মকর্তা এবং চট্টগ্রামের ১ম ও ২য় শ্রম আদালতের বিচারকদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বিশেষত চট্টগ্রামস্থ বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র এবং মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শন প্রসঙ্গে মন্ত্রী বলেন, জাপানি, ইংরেজি, আরবি ও কোরিয়ান ভাষার প্রশিক্ষণ নিশ্চিত করতে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। একই সাথে বিদেশে বিশ্বজুড়ে উচ্চ চাহিদাসম্পন্ন ‘গ্রাফিক্স ডিজাইন’ ও ‘কেয়ার গিভার’ পেশার বিষয়ে ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর নির্দেশ দেন তিনি।

চট্টগ্রামে বিভিন্ন বেসরকারি শিল্প প্রতিষ্ঠান পরিদর্শন শেষে মন্ত্রী মন্তব্য করেন, “বেসরকারি শিল্প খাত আমাদের দেশের অন্যতম প্রধান সম্পদ। তাদের প্রশাসনিক সহযোগিতা দিলে দেশ ও জাতির অর্থনীতিতে আরও বড় অবদান রাখার পথ সুগম হবে।” তিনি জানান, সরকার ও বিএসআরএম (BSRM)-এর যৌথ সহায়তায় বাংলাদেশ কোরিয়া টিটিসির সার্বিক উন্নয়নকে একটি চ্যালেঞ্জ হিসেবে নেওয়া হয়েছে। এছাড়া চট্টগ্রাম সিটি করপোরেশনকে সাথে নিয়ে যৌথভাবে টিটিসিগুলোকে গতিশীল করতে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে। জনবল সংকট প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট বার্তা দেন— “দীর্ঘ আইনি প্রক্রিয়ায় পিছিয়ে পড়ার সময় এখন আর আমাদের নেই।”

সভায় চট্টগ্রামের শ্রম আদালতের দীর্ঘদিনের পরিকাঠামোগত সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন মন্ত্রী। তিনি মন্ত্রণালয়ের সচিবকে নির্দেশ দিয়ে বলেন, একজন সিনিয়র কর্মকর্তা ও প্রকৌশলীর মাধ্যমে দ্রুত সরেজমিনে পরিদর্শন করে কনফারেন্স রুম, নারী বিচারপ্রার্থীদের জন্য আলাদা বসার ব্যবস্থা এবং লিগ্যাল এইড সুবিধাসহ সকল জরুরি অবকাঠামোগত সমস্যা সমাধান করতে হবে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক মো. ফরহাদ সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহমান তরফদার, চট্টগ্রামের ২য় শ্রম আদালতের চেয়ারম্যান (সিনিয়র জেলা ও দায়রা জজ) ড. বেগম জেবুন্নেছা, ১ম শ্রম আদালতের চেয়ারম্যান (জেলা ও দায়রা জজ) ওসমান গনি এবং বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক হাফেজ আহমদ মজুমদার প্রমুখ।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com