চট্টগ্রাম

চট্টগ্রাম সম্প্রীতির নগরী, দুর্গোৎসব হবে উৎসবমুখর: মেয়র ডা. শাহাদাত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, “চট্টগ্রাম একটি সম্প্রীতির নগরী। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে পালন করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। সবার সহযোগিতায় এবারও সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবে।”

আজ মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) সন্ধ্যায় টাইগারপাসস্থ চসিক কার্যালয়ের সম্মেলন কক্ষে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সঙ্গে আয়োজিত এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ড পূজা পরিষদের নেতৃবৃন্দ পূজামণ্ডপগুলোর নানা সমস্যা ও চাহিদার কথা তুলে ধরলে মেয়র তা দ্রত সমাধানের আশ্বস্ত করেন। একইসঙ্গে উৎসবকালে আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, আলোকসজ্জা, পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত গৃহীত হয়।

নগরীর পরিচ্ছন্নতা ও নিরাপত্তা প্রসঙ্গে মেয়র ডা. শাহাদাত বলেন, “পূজামণ্ডপে জমা হওয়া বর্জ্য নির্দিষ্ট স্থানে রাখতে হবে, যাতে পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুত তা অপসারণ করতে পারেন। পাশাপাশি নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে ইভটিজিং বা যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। পূজার দিনগুলোতে দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন রাখতে সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং ট্রাফিক পুলিশ ও চসিকের সমন্বয়ে যানজট নিয়ন্ত্রণের বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগরের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল কুমার নাথ-এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমাল, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর ইসমাইল বালি, জন্মাষ্টমী উদযাপন পরিষদের কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব দে পার্থ, মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি অরূপ রতন চক্রবর্তী, সৌরভ প্রিয় পাল, বিপ্লব চৌধুরী, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট – চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব ও মহানগর পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বাপ্পি দে এবং যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট নটু চৌধুরীসহ স্থানীয় পূজা পরিষদের নেতৃবৃন্দ।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com