রাজনীতি

সিরাজগঞ্জ–১ আসনে ভোটের অঙ্ক বদলে দিচ্ছেন শাব্বির আহমদ তামীম

নতুন চমকের অপেক্ষায় কাজীপুর

সিরাজগঞ্জ–১ (কাজীপুর) আসনে আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমেই বাড়ছে। দীর্ঘদিনের পরিচিত রাজনৈতিক ধারার বাইরে গিয়ে এবার ভোটারদের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এবি পার্টির প্রার্থী শাব্বির আহমদ তামীম। মাঠপর্যায়ে ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, পরিচিত মুখগুলোর ভিড়ে নয়, বরং নতুনত্ব, ক্লিন ইমেজ ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণেই তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন জনপ্রিয়তার দৌড়ে।

কাজীপুর উপজেলা সাবেক প্রধানমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলীর এলাকা হিসেবে পরিচিত। ঐতিহাসিকভাবে এই জনপদে আওয়ামী লীগের আধিপত্য থাকলেও এবারের নির্বাচনে দলটি না থাকায় ভোটাররা নতুন করে ভাবছেন তাদের পছন্দের প্রার্থী কে হবেন। তবে স্থানীয়দের একটি বড় অংশ জানিয়েছেন, তারা বরাবরের মতোই মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির দিকেই ঝুঁকতে চান।

এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, পারিবারিক রাজনৈতিক ঐতিহ্য না থাকলেও স্বল্প সময়ের মধ্যেই কাজীপুরে পরিচিত নাম হয়ে উঠেছেন শাব্বির আহমদ তামীম। উচ্চশিক্ষিত, তরুণ ও ক্লিন ইমেজের রাজনীতিক হিসেবে ভোটারদের মধ্যে তার গ্রহণযোগ্যতা দ্রুত বাড়ছে বলে মত অনেকের।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই আসনে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ জয়ী হয়ে এসেছে এবং প্রায় ৮০ শতাংশ ভোটার আওয়ামী লীগ সমর্থিত। বিএনপির একটি সাংগঠনিক কাঠামো থাকলেও জামায়াতের সাংগঠনিক শক্তি এখানে তুলনামূলকভাবে দুর্বল।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, অতীতের কোনো নির্বাচনেই কাজীপুরে জামায়াত উল্লেখযোগ্য ভোট পায়নি এবং বিএনপিও কখনো এ আসনে জয়ী হতে পারেনি। সব দলের প্রার্থীই নতুন হওয়ায় পারিবারিক পরিচয়ের বাইরে এসে ব্যক্তিগত ভাবমূর্তি, ক্লিন ইমেজ ও গ্রহণযোগ্যতার কারণে এবি পার্টির প্রার্থী শাব্বির আহমদ তামীম এবারের নির্বাচনে বড় চমক দেখাতে পারেন—এমনটাই মনে করছেন ভোটাররা।

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com