বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু শীলালংকার মহাথেরোর জন্মদিবস উদযাপিত
বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাপুরুষ ৮ম সংঘরাজ ভদন্ত শীলালংকার মহাথেরো—এর ১২৭তম জন্মদিবস গতকাল রবিবার (২১ জুন, ২০২৬) চট্টগ্রামের হাটহাজারীর মির্জাপুর শান্তিধাম বিহার প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হয়েছে। দিনব্যাপী আয়োজিত এই পুণ্যময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরম পূজনীয় ভদন্ত শাসনানন্দ মহাথেরো এবং উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের অধ্যাপক ড. জ্ঞানরত্ন মহাথেরো।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত দীপানন্দ মহাথেরো, প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো এবং প্রধান ধর্মদেশক হিসেবে উপস্থিত হয়ে সদ্ধর্ম দেশনা দান করেন ড. বুদ্ধপাল মহাথেরো। এছাড়া অনুষ্ঠানে মহতী এই ধর্মীয় নেতার জীবন ও কর্ম নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মির্জাপুর শান্তিধাম বিহারের সাধারণ সম্পাদক দীপন কান্তি চৌধুরী, মৃণাল কান্তি বড়ুয়া, ধীমান বড়ুয়া এবং সঞ্জয় চৌধুরীসহ আরও অনেকে।

স্মৃতিচারণ সভায় বক্তারা ৮ম সংঘরাজ ভদন্ত শীলালংকার মহাথেরোর সমৃদ্ধ সাহিত্যকর্ম, অগাধ ধর্ম জ্ঞান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তাঁর অনুপম শীলগুণ চর্চার কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে বিস্তারিত আলোচনা করেন। সভার শেষে বিশেষ প্রার্থনা ও সংঘদানের আয়োজন করা হয়, যেখানে সর্বস্তরের বিপুল সংখ্যক ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।