চট্টগ্রামের দ্বীপউপজেলা সন্দ্বীপে অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক, জেলে, দিনমজুর ও শ্রমজীবী পরিবারগুলোর সহায়তায় পরিচালিত কোস্ট ফাউন্ডেশনের মানবিক সহায়তা কর্মসূচির সমাপনী শিখন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় জানানো হয়, গত জুলাই মাসের অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক পরিবারগুলোর পুনর্বাসনে গত ১৪ জুলাই থেকে বিশেষ জরুরি সহায়তা কর্মসূচি চালু করা হয়েছিল। এ প্রকল্পের আওতায় সন্দ্বীপের মোট ১,৫০৭টি ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রত্যক্ষ আর্থিক ও বস্তুগত সহায়তা দেওয়া হয়েছে।
প্রকল্পের তথ্য অনুযায়ী, ৪০৬টি পরিবারকে সরাসরি ব্যাংকিং হিসাবের মাধ্যমে ৮,০৮০ টাকা করে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ দেওয়া হয়। এ ছাড়া গবাদি পশু সুরক্ষায় ৬০১ জন খামারিকে দানাদার গো-খাদ্য এবং ৫০০ জন ক্ষতিগ্রস্ত কৃষককে ৬ প্রকারের সবজি বীজ ও ৩ প্রকারের সার প্রদান করা হয়েছে।
সমাপনী সভায় প্রধান অতিথির বক্তব্যে সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমজাদ হোসেন বলেন, “অতিবৃষ্টিতে উপকূলীয় অঞ্চলের কৃষক ও খামারিরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন। কোস্ট ফাউন্ডেশনের এ সময়োপযোগী সহায়তা প্রান্তিক জনগোষ্ঠীর অর্থনৈতিক পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মারুফ হোসেন এবং উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মুকিতের রহমান। অনুষ্ঠানে সারিকাইত ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাছলিমা বেগম, রহমতপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাহেনা বেগম, মগধরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ ইলিয়াছ, প্রকল্পের অভিযোগ নিষ্পত্তিকারী রাজীব ঘোষ, উপজেলা সমন্বয়কারী মাকসুদ ও হিসাব রক্ষক সুবল দাসসহ স্থানীয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।