অবরুদ্ধ গাজা উপত্যকায় তথাকথিত “যুদ্ধবিরতি” চললেও থামছে না ইসরায়েলি বাহিনীর বর্বরতা। গাজায় ইসরায়েলের নতুন করে চালানো বিমান হামলা ও গুলিবর্ষণে একটি ১০ বছরের শিশুসহ অন্তত ৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (৮ জুলাই, ২০২৬) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, বুধবার গাজা সিটির একটি স্কুলের কাছে ইসরায়েলি বিমান হামলায় একজন নিহত হন। এছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের আল-মাওয়াসি এলাকায় বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া একটি তাঁবু লক্ষ্য করে চালানো অন্য এক হামলায় ১০ বছরের এক শিশুসহ অন্তত চারজন নিহত হয়েছেন।
পরবর্তীতে ফিলিস্তিনের স্বাস্থ্য কর্মকর্তারা জানান, গাজা সিটির জেইতুন এলাকায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গুলিবর্ষণে ৬ বছর বয়সী আরও এক শিশু প্রাণ হারিয়েছে। এর পাশাপাশি গাজা সিটির দুটি পৃথক এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর আরও দুটি হামলায় ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, গাজায় বর্তমানে একটি আনুষ্ঠানিক “যুদ্ধবিরতি” কার্যকর থাকলেও ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের এই রক্তক্ষয়ী আগ্রাসন বন্ধ হয়নি। যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের লক্ষ্যে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আলোচনাও বর্তমানে স্থবির হয়ে পড়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত অক্টোবরে তথাকথিত এই “যুদ্ধবিরতি” কার্যকর হওয়ার পর থেকে এ পর্যন্ত গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ১,০৮৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।