বাংলাদেশ

বিয়ের পরদিনই বাড়িতে অন্তঃসত্ত্বা প্রেমিকা হাজির

নববধূকে নিয়ে লাপাত্তা বর

পারিবারিকভাবে বিয়ে করে নতুন স্ত্রীকে বাড়িতে তুলেছিলেন ওমর ফারুক। বাড়িজুড়ে তখন উৎসবের আমেজ। কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিয়ের পরদিনই স্ত্রীর স্বীকৃতি ও অনাগত সন্তানের পিতৃপরিচয়ের দাবিতে বাড়ির সামনে হাজির হন এক অন্তঃসত্ত্বা তরুণী। এমন পরিস্থিতিতে নববধূকে নিয়ে বাড়ি ছেড়ে আত্মগোপনে চলে গেছেন ফারুক। ঘটনাটিকে কেন্দ্র করে ময়মনসিংহের নান্দাইল উপজেলার চর লক্ষীদিয়া গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, চর লক্ষীদিয়া গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ওমর ফারুক গত বৃহস্পতিবার পারিবারিকভাবে বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরেন। পরিবারের সদস্য ও স্বজনেরা যখন বিয়ের আনন্দে ব্যস্ত, ঠিক তখনই রাত ১০টার দিকে সেখানে উপস্থিত হয়ে অবস্থান নেন ওই অন্তঃসত্ত্বা তরুণী। শনিবার (২১ নভেম্বর) বিকেল পর্যন্ত তিনি ফারুকের বাড়িতেই অবস্থান করছিলেন। পরবর্তীতে আইনি প্রতিকার পেতে রবিবার তিনি ময়মনসিংহ শহরে যান।

ভুক্তভোগী তরুণীর অভিযোগ, মুঠোফোনে পরিচয়ের সূত্র ধরে ওমর ফারুকের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ফারুক তাঁকে ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায় নিয়ে যান এবং সেখানে তাঁদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। কিছুদিন পর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ফারুককে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। কিন্তু ফারুক নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন এবং একপর্যায়ে যোগাযোগ বন্ধ করে দেন। এরই মধ্যে বৃহস্পতিবার অন্য এক নারীকে বিয়ে করার খবর পেয়ে তিনি অনাগত সন্তানের ভবিষ্যৎ ও স্ত্রীর স্বীকৃতি আদায়ের দাবিতে ফারুকের বাড়িতে ছুটে আসেন। তবে বাড়িতে এসে তিনি ফারুককে পাননি।

এ বিষয়ে ফারুকের বড় ভাইয়ের স্ত্রী নাজমা আক্তার জানান, পারিবারিকভাবে বিয়ে করে নববধূকে বাড়িতে আনার পর রাতে ওই তরুণী এসে ফারুকের সঙ্গে সম্পর্কের দাবি করেন। তবে তিনি নিজের দাবির পক্ষে কোনো প্রমাণ দেখাতে পারেননি। নাজমা আক্তারের ভাষ্য, ওই তরুণী একপর্যায়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন এবং আত্মহত্যার হুমকি দেন। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই তাঁর দেবর নববধূকে নিয়ে বাড়ি থেকে চলে যান।

বিয়ের পরপরই এমন ঘটনা সামনে আসায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে তরুণীর অভিযোগের সত্যতা, অনাগত সন্তানের পিতৃত্ব কিংবা এ বিষয়ে ওমর ফারুকের কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, ওই নারীর অভিযোগ অনুযায়ী ঘটনার সূত্রপাত ময়মনসিংহ শহরের একটি ভাড়া বাসায়। যেহেতু ঘটনাস্থল ময়মনসিংহ সদর থানা এলাকায়, তাই তাঁকে সেখানেই আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com