চট্টগ্রাম

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা অর্জন করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেছেন, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা বা ভালো ফলাফল দিয়ে একজন মানুষ প্রকৃত অর্থে শিক্ষিত হতে পারে না। শিক্ষার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা ও পরোপকারের মানসিকতা অর্জন করতে হবে। একজন চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী কিংবা সমাজের যে পেশাতেই থাকি না কেন, মানুষের কল্যাণে কাজ করতে না পারলে সেই অর্জনের প্রকৃত সার্থকতা নেই। তাই নতুন প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত ও মানবিক সমাজ গড়ে তুলতে হবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নগরীর হালিশহর মুনিরনগরে জরিনা-মফজল সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজ আয়োজিত ‘নবীন বরণ, বার্ষিক পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘জ্ঞানই শক্তি, জ্ঞানই আলো’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রশাসক বলেন, মাদক আজ সমাজের অন্যতম বড় সমস্যা। মাদকের কারণে পারিবারিক বন্ধন নষ্ট হচ্ছে, সন্তান বাবা-মায়ের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, ভাই ভাইকে হত্যা করছে এবং চুরি-ডাকাতি ও ছিনতাইসহ নানা অপরাধ বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে শিক্ষাপ্রতিষ্ঠান, পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।

সমাজ পরিবর্তনের জন্য শৃঙ্খলা ও সময়ানুবর্তিতাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে নিয়ম মেনে দায়িত্ব পালন করতে হবে। শুধু নির্দেশনা দিয়ে সুন্দর সমাজ প্রতিষ্ঠা সম্ভব নয়; এর জন্য প্রয়োজন সম্মিলিত উদ্যোগ ও দায়িত্বশীল আচরণ।

নগর পরিচ্ছন্নতা প্রসঙ্গে ডা. শাহাদাত হোসেন বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা রোদে-বৃষ্টিতে নগরী পরিষ্কার রাখতে নিরলস পরিশ্রম করছেন, অথচ আমরা অনেকেই যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলছি। এই মানসিকতা পরিবর্তন করতে হবে। ড্রেন বা খোলা স্থানে জমে থাকা পানিতে এডিস মশার প্রজনন হয়, যা ডেঙ্গুর ঝুঁকি বাড়ায়। তাই পরিচ্ছন্ন নগর গড়তে নাগরিকদের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য।

উন্নয়নকাজের স্বচ্ছতা প্রসঙ্গে তিনি জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ২৮ বছরের পুরোনো ভবনটি নতুন করে নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। নির্মাণকাজে গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে, যাতে ভবনটি অন্তত ৫০ থেকে ৬০ বছর বা তারও বেশি সময় টেকসই থাকে এবং কোনো দুর্নীতি বা অনিয়মের কারণে স্থায়িত্ব নষ্ট না হয়।

খেলাধুলার গুরুত্ব তুলে ধরে প্রশাসক বলেন, মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণদের দূরে রাখতে পর্যাপ্ত খেলার মাঠ প্রয়োজন। দায়িত্ব গ্রহণের পর নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ইতোমধ্যে ১১টি মাঠ তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং পর্যায়ক্রমে বাকিগুলোও গড়ে তোলা হবে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রতিদিন শিক্ষার্থীদের জন্য অন্তত এক ঘণ্টা শারীরিক চর্চা ও খেলাধুলার সুযোগ রাখার পরামর্শ দেন তিনি।

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় চসিকের ‘স্কুল হেলথ কার্ড’ চালুর কথা উল্লেখ করে তিনি বলেন, এর আওতায় শিক্ষার্থীদের বিনামূল্যে চোখ, কান-নাক-গলা ও সাধারণ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্ট ৪০ থেকে ৫০টি ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে শিক্ষার্থী ও তাদের পরিবারের সদস্যরা ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ে চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষার সুযোগ পাবেন।

সবুজ নগর গড়ার পরিকল্পনা তুলে ধরে ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটিতে রূপান্তর করতে ১০ লাখ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে প্রায় দুই লাখ গাছ লাগানো সম্পন্ন হয়েছে। তিনি একাদশ শ্রেণিতে নতুন ভর্তি হওয়া প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগিয়ে স্নাতক শেষ করা পর্যন্ত তা পরিচর্যা করার বিশেষ আহ্বান জানান এবং চসিক পরিচালিত ৭৮টি স্কুল, ২৮টি কলেজ ও একটি বিশ্ববিদ্যালয়ে ‘গ্রিন ক্লাব’ ও স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম জোরদারের ঘোষণা দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব নাজমা বিনতে আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ আমিরুল ইসলাম, সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মোহাম্মদ মাজহারুল ইসলাম, কলেজের দাতা সদস্য মোহাম্মদ হরমুজ শাহ বেলাল, বিদ্যোৎসাহী সদস্য জান-ই-আলম, সাবেক কাউন্সিলর হাসান মুরাদ এবং ছাত্রনেতা ওয়াহিদ ইমাম খান সারাতসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাছিমা আক্তারের স্বাগত বক্তব্য এবং সহকারী অধ্যাপক (পদার্থবিজ্ঞান) শিপুল কুমার দে-এর সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেওয়া হয়।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com