চট্টগ্রামে বসছে বিশ্বের শীর্ষ হাসপাতালসমূহের মিলনমেলা
দেশের সর্ববৃহৎ এমভিটি সামিট ১৪ নভেম্বর
বাংলাদেশের স্বাস্থ্যসেবা ও আন্তর্জাতিক মেডিকেল ট্যুরিজম খাতকে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ মেডিকেল ট্যুরিজম সম্মেলন ‘২য় মেডিকেল ভ্যালু ট্রাভেল (এমভিটি) সামিট ২০২৬’। চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ)-এর উদ্যোগে আগামী ১৪ নভেম্বর ২০২৬, শনিবার নগরীর ঐতিহ্যবাহী দ্য পেনিনসুলা চিটাগাং-এ এই জমকালো আন্তর্জাতিক সামিট অনুষ্ঠিত হবে।
এবারের সামিটে বিশ্বমানের স্বাস্থ্যসেবা নিশ্চিতকারী আন্তর্জাতিক ও দেশীয় খ্যাতনামা হাসপাতাল ও সেবা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ অংশ নিচ্ছে। এর মধ্যে ভারত থেকে স্টার হাসপাতাল, অ্যাপোলো হাসপাতাল, সিকে বিরলা হাসপাতাল, কিমস হাসপাতাল ও অ্যাস্টার হাসপাতাল; চীন থেকে ফোশান হসপিটালস গ্রুপ ও সিয়োক; মালয়েশিয়া থেকে মাহকোতা হাসপাতাল; থাইল্যান্ড থেকে ব্যাংকক হাসপাতাল এবং বাংলাদেশের পক্ষে হেলথ ট্রাভেলার্স এয়ার অ্যাম্বুলেন্স ও চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণ নিশ্চিত করেছে।
সামিটের তাৎপর্য ও প্রত্যাশা নিয়ে চট্টগ্রাম মেডিকেল ট্রাভেল ফোরাম (সিএমটিএফ)-এর সভাপতি মোহাম্মদ আব্দুল আলিম রাজু বলেন,
“থাইল্যান্ড, মালয়েশিয়া, চীন, ভারত এবং বাংলাদেশের শীর্ষস্থানীয় হাসপাতালগুলোর এই যৌথ অংশগ্রহণ আমাদের সিএমটিএফ-এর জন্য এক বিরাট মাইলফলক ও সফলতা। আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি যাতে বন্দরনগরী চট্টগ্রাম শুধু বাণিজ্যিক রাজধানী হিসেবেই নয়, বরং সমগ্র দক্ষিণ এশিয়ার মেডিকেল ট্যুরিজমের একটি অন্যতম প্রধান ‘রিজিওনাল হাব’ হিসেবে পরিচিতি লাভ করতে পারে।”
সংগঠনের সহ-সভাপতি (ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স) দাঊদ আরমান তাঁর বক্তব্যে উল্লেখ করেন,
“সাধারণত আন্তর্জাতিক মানের চিকিৎসার তথ্যের জন্য রোগীদের অনেক ভোগান্তি পোহাতে হয়। তবে এই সামিটের মাধ্যমে চট্টগ্রামে আগত দর্শনার্থীরা বিভিন্ন দেশের শীর্ষ বিশেষজ্ঞদের সাথে সরাসরি কথা বলার সুবর্ণ সুযোগ পাবেন। পাশাপাশি মেডিকেল ট্যুরিজম এজেন্সি, ট্যুরিজম প্রতিষ্ঠান, এয়ার টিকেটিং এজেন্সি, দেশীয় হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারগুলোর জন্য বৈশ্বিক প্রাতিষ্ঠানিক সম্পর্ক বা বিটুবি নেটওয়ার্ক গড়ে তোলার এক অভাবনীয় সুযোগ সৃষ্টি হচ্ছে।”
সামিটের মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক ও দেশীয় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের মধ্যে সরাসরি বিটুবি অংশীদারিত্ব স্থাপন, ইন্টারন্যাশনালি চিকিৎসা ভ্রমণের আধুনিক ট্রেন্ড ও সম্ভাবনা তুলে ধরা এবং একটি শক্তিশালী গ্লোবাল হেলথকেয়ার নেটওয়ার্ক তৈরির মাধ্যমে রোগীদের জন্য মানসম্মত চিকিৎসা সহজলভ্য করা। আন্তর্জাতিক স্বাস্থ্যসেবার এই মহাসমাবেশে চট্টগ্রামের সর্বস্তরের নাগরিক ও সেবা খাত সংশ্লিষ্টদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেছে আয়োজক কর্তৃপক্ষ।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।