খাতা কলম

জিয়াউর রহমান ফাউন্ডেশন সায়েন্স ফেয়ারে জাতীয় পর্যায়ে নির্বাচিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকল্প

জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ) আয়োজিত জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে-২০২৬’-এর চট্টগ্রাম বিভাগীয় পর্বে অনন্য সাফল্য অর্জন করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়। প্রতিযোগিতার এনভায়রনমেন্টাল ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের দুই শিক্ষকের উদ্ভাবিত প্রকল্প “Smart Rural Hub (SRH) for Climate Resilience in Bangladesh Char Communities” বিচারকদের মূল্যায়নে সেরা নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্বে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

​গত ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) খুলশী ক্যাম্পাসে এ প্রতিযোগিতার চট্টগ্রাম বিভাগীয় পর্ব অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এ আয়োজনে চট্টগ্রাম বিভাগের নয়টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এতে মনোনীত ৮৩টি প্রকল্পের মধ্যে চূড়ান্তভাবে ৪৮টি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর প্রকল্প প্রদর্শিত হয়।

​নির্বাচিত “Smart Rural Hub (SRH) for Climate Resilience in Bangladesh Char Communities” প্রকল্পটি মূলত ভোলার চরাঞ্চলের মতো দুর্যোগপ্রবণ এলাকার জন্য একটি টেকসই, বহুমুখী ও জলবায়ুসহিষ্ণু কমিউনিটি হাবের স্থাপত্য নকশা। পুরোনো শিপিং কনটেইনার পুনর্ব্যবহারের মাধ্যমে তৈরি এই মডুলার অবকাঠামো স্বাভাবিক সময়ে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্থানীয় বাজার ও সামাজিক কার্যক্রমের কেন্দ্র হিসেবে কাজ করবে। পাশাপাশি ঘূর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাসের সময় এটি জরুরি আশ্রয়কেন্দ্র (ইমার্জেন্সি শেল্টার) হিসেবে ব্যবহৃত হবে। চরাঞ্চলের মানুষের নিরাপত্তা ও জীবনমান উন্নয়নের মাধ্যমে জলবায়ুজনিত বাস্তুচ্যুতি হ্রাস করাই এ প্রকল্পের মূল লক্ষ্য।

​প্রকল্পটির টিম লিডার হিসেবে ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক স্থপতি মোঃ মঈনুল হাসান এবং সদস্য ছিলেন স্থপতি শেখ মাহফুজ আলম। মেন্টর হিসেবে সহযোগিতা করেন স্থপতি নাবিলা নুশাইরাহ রহমান ও বিভাগটির প্রাক্তন শিক্ষক স্থপতি মোঃ ওবায়দুল হক।

​এ সাফল্যে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির সংশ্লিষ্ট শিক্ষক, টিম সদস্য ও মেন্টরদের অভিনন্দন জানিয়ে বলেন, “আমাদের শিক্ষক ও গবেষকদের এই সাফল্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তাঁদের সৃজনশীল উদ্যোগ এবং উদ্ভাবনী চিন্তার জন্য আন্তরিক অভিনন্দন জানাই। জাতীয় পর্যায়েও তাঁরা সাফল্যের ধারা অব্যাহত রাখবেন বলে প্রত্যাশা করি।”

​বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ ইফতেখার মনির বলেন, “এ অর্জন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণাভিত্তিক কার্যক্রমের ইতিবাচক প্রতিফলন। সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টাকে আমি সাধুবাদ জানাই।”

​উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে মোট চারটি দল বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণ করে। স্থাপত্য বিভাগের অপর প্রকল্পটি ছিল “Resilient and Sustainable Resort Architecture in Coastal Disaster-Prone Areas: A Case Study of Chader Bari Beach Resort, St. Martin’s Island, Bangladesh”। এছাড়া ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি বিভাগ থেকে “Development of Natural Source-Based Screen-Printing Colors for Sustainable Modular Denim Fashion” এবং “Bio Couture: Creating a Compostable Fashion Garment with Natural Dye Technology” শীর্ষক দুটি প্রকল্প প্রদর্শিত হয়।

Leave a Comment

সম্পাদক: দাঊদ আরমান

অফিস: চট্টেশ্বরী রোড, চট্টগ্রাম, বাংলাদেশ

ইমেইল: khobor24ghontabangla@gmail.com

Latest Articles

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
©
খবর ২৪ ঘণ্টা কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত (২০২৪ – ২০২৬)
Registration No.: 391/2025-26

Developed BY  Netfie.com