লন্ডনে জেতবন বিহারের কঠিন চীবর দানোৎসবে মঞ্চস্থ হলো ‘বুদ্ধকে সুজাতার পায়েস দান’ ও ‘অঙ্গুলিমাল’
যুক্তরাজ্যের প্রথম কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ‘জেতবন বিহার লন্ডন’-এর উদ্যোগে গত রবিবার (১৫ নভেম্বর) লন্ডনের মেনর পার্কের রাভাদাসিয়া কমিউনিটি হলে দিনব্যাপী কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ উৎসবের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় মহাসংঘদান ও জ্ঞাতিভোজন। দ্বিতীয় পর্বে ১২ জন ভিক্ষুর উপস্থিতিতে ধর্মীয় দানসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পণ্ডিত প্রজ্ঞাবংশ মহাথেরোর সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন যুক্তরাজ্যের সমাজকল্যাণ ও পেনশন বিষয়ক মন্ত্রী স্যার স্টিফেন টিমস। এ পর্বে ধর্মদেশনা করেন ভদন্ত প্রজ্ঞাবোধি মহাথেরো, ভদন্ত ধর্মানন্দ আনন্দ মহাথেরো এবং জেতবন বিহার লন্ডনের বিহারাধ্যক্ষ শাসনকীর্তি ফ্রা এইচ মহীপাল মহাথেরো।
উৎসবের তৃতীয় পর্বে বিকেল ৪টায় শুরু হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। নাচ ও গান পরিবেশনার পাশাপাশি যুক্তরাজ্যে প্রথমবারের মতো কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বাংলা ভাষায় মঞ্চস্থ হয় বৌদ্ধ ধর্মীয় কাহিনীনির্ভর দু’টি নাটিকা ‘বুদ্ধকে সুজাতার পায়েস দান’ ও ‘অঙ্গুলিমাল’। ধর্মীয় দর্শন, মানবিক মূল্যবোধ, মৈত্রী, করুণা ও অহিংসার বাণীসমৃদ্ধ নাটিকা দু’টি উপস্থিত দর্শকদের মুগ্ধ ও আবেগাপ্লুত করে, যা প্রবাসে বাঙালি বৌদ্ধ সংস্কৃতি ও ধর্মীয় নাট্যচর্চার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
দেশে ও প্রবাসে বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন আয়োজনে সাধারণত নৃত্য, সংগীত ও কীর্তনের প্রচলন থাকলেও দীর্ঘদিন ধরে ধর্মীয় মঞ্চনাটকের চর্চা অনেকটাই অনুপস্থিত। নতুন প্রজন্মের কাছে বৌদ্ধ ধর্মের ইতিহাস, শিক্ষা ও মানবিক দর্শনকে শিল্পের মাধ্যমে তুলে ধরার লক্ষ্য নিয়ে বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে-এর কালচারাল টিম এই ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।
‘বুদ্ধকে সুজাতার পায়েস দান’ নাটিকাটিতে বুদ্ধ চরিত্রে অভিনয় করেন শিমুল বড়ুয়া এবং সুজাতা চরিত্রে মনিকা বড়ুয়া। সুজাতার সহকারী পূর্ণা চরিত্রে সমৃদ্ধি বড়ুয়া। এছাড়াও পার্শ্বচরিত্রে অভিনয় করেন পূর্ণিমা বড়ুয়া, রীতিশা বড়ুয়া, মেগান বড়ুয়া, নির্বানা বড়ুয়া, দৃষ্টি চৌধুরী, তানভিকা বড়ুয়া, সৃজয় বড়ুয়া, অরিদ্ধ বড়ুয়া ও সৌহার্দ বড়ুয়া।
দ্বিতীয় নাটিকা ‘অঙ্গুলিমাল’-এ অঙ্গুলিমাল চরিত্রে অভিনয় করেন শিলাময় বড়ুয়া (শিপন), বুদ্ধ চরিত্রে শিমুল বড়ুয়া, পথিক চরিত্রে আনন্দ মোহন সিংহ এবং অঙ্গুলিমালের মা মন্দানী চরিত্রে শ্রেষ্ঠা বড়ুয়া।
বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে-এর প্রযোজনায় নাটিকা দু’টির পরিকল্পনা, চিত্রনাট্য, নির্দেশনা ও পরিচালনায় ছিলেন বিশ্বজিৎ বড়ুয়া। মঞ্চ পরিকল্পনা ও সহকারী নির্দেশনায় ছিলেন টিপলু বড়ুয়া এবং প্রধান মঞ্চসজ্জায় ছিলেন তুষার কান্তি বড়ুয়া।
সার্বিক তত্ত্বাবধান, ব্যাকগ্রাউন্ড মিউজিক ও সংগীতে ছিলেন বিপ্লব কিশোর বড়ুয়া। শব্দ প্রয়োগ ও নিয়ন্ত্রণে মুনমুন বড়ুয়া ডানা ও সজীব চৌধুরী, তবলায় পিয়াস বড়ুয়া এবং ব্যাকস্ক্রিন সজ্জায় ছিলেন চম্পা বড়ুয়া। মেকআপ, কস্টিউম ও কোরিওগ্রাফির দায়িত্ব পালন করেন অপর্ণা বড়ুয়া রিনি, সুপ্তা বড়ুয়া, প্রিয়াংকা বড়ুয়া, সোমা বড়ুয়া ও সুনয়না বড়ুয়া। মঞ্চের পর্দা নিয়ন্ত্রণে ছিলেন হিমাদ্রি বড়ুয়া ও রোহান কুশান বড়ুয়া। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ বুড্ডিস্ট কাউন্সিল ইউকে এবং বোধিজ্ঞান চিলড্রেন লন্ডনের সদস্যবৃন্দ।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।