চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেনের প্রতিশ্রুতির বাস্তবায়ন
আগ্রাবাদের জাম্বুরি খেলার মাঠের আনুষ্ঠানিক উদ্বোধন
চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে দীর্ঘদিন বন্ধ থাকা কর্ণফুলী শিশুপার্ক পুনরায় চালু করা এবং পার্ক সংলগ্ন পরিত্যক্ত আবদ্ধ জায়গাকে শিশু-কিশোরদের জন্য আধুনিক খেলার মাঠে রূপান্তরের যে ঘোষণা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন দিয়েছিলেন, তা সফলভাবে বাস্তবায়িত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) ৯২.৫ কাঠা জমির ওপর নির্মিত নবনির্মিত ‘আগ্রাবাদ জাম্বুরি খেলার মাঠ’সহ কয়েকটি সড়ক উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি।
উল্লেখ্য, ২০২৪ সালের ১৯ নভেম্বর চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর জায়গাটি পরিদর্শন করে এই মাঠ ও পার্ক নির্মাণের ঘোষণা দিয়েছিলেন ডা. শাহাদাত হোসেন। তাঁরই দিকনির্দেশনায় দীর্ঘদিন পরিত্যক্ত থাকা কর্ণফুলী শিশুপার্কটি আধুনিকায়ন করে ২০২৫ সালের ৬ ডিসেম্বর ‘ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক’ নামে পুনরায় চালু করা হয়। এবার মাঠ উদ্বোধনের মাধ্যমে তাঁর আরেকটি প্রতিশ্রুতির পূর্ণ বাস্তবায়ন ঘটল।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) অর্থায়নে ১ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ২০২৫ সালের ২৭ নভেম্বর মাঠটির উন্নয়নকাজ শুরু হয়। নতুন এই মাঠে ক্রীড়াপ্রেমীদের জন্য গ্যালারি, ড্রেসিং রুম, ওয়াশরুম ও ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। পর্যায়ক্রমে নাইট ম্যাচের জন্য ফ্লাডলাইট ও চারপাশে ফেন্সিংয়ের ব্যবস্থাও করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জায়গাটির গুরুত্ব তুলে ধরে প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন,
“এই জায়গাটির বর্তমান বাজারমূল্য প্রায় ১৫০ কোটি টাকা। এখানে চাইলে বহুতল ভবন বা বাণিজ্যিক প্লট তৈরি করে বিপুল রাজস্ব আয় করা সম্ভব ছিল। কিন্তু আমরা সেই পথে হাঁটিনি, কারণ নগরবাসীর সুস্থ বিনোদন ও শিশুদের জন্য খেলার মাঠ রক্ষা করা টাকার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
একজন চিকিৎসক হিসেবে সুস্থ জীবনযাপনে খেলাধুলার ভূমিকা স্মরণ করিয়ে দিয়ে তিনি আরও বলেন, “আমরা চাই আমাদের নতুন প্রজন্ম মোবাইল স্ক্রিন ও অনলাইন আসক্তি ছেড়ে মাঠে ফিরে আসুক। শারীরিক ও মানসিকভাবে সুস্থ একটি প্রজন্মই আগামীতে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে।”
অনুষ্ঠানে চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহানসহ চসিকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন
গুরুত্বপূর্ণ এই সংবাদটি অন্যদের জানাতে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।